দুর্গাপুজোর শেষ সময়ে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। আর এবার পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ। এদিকে, ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়ে গিয়েছে কলকাতায়। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া? তার হদিশ দিচ্ছে পূর্বাভাস।
বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এখন গভীর নিম্নচাপ। ফলত, দশমীর সকালে যাঁদের শেষবেলার প্যান্ডেল হপিং এর প্ল্যান ছিল, তাঁদের জন্য এটি মোটেও সুখের খবর নয়!
দক্ষিণবঙ্গে কোথায় ভারী বর্ষণের সতর্কতা- নিম্নচাপের জেরে বৃহস্পতিবার কলকাতায় তুমুল বর্ষণের পূর্বাভাস রয়েছে। দশমীর দিন এই পূর্বাভাস রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও। এদিন কলকাতায় কমলা সতর্কতা জারি রয়েছে। এরপর শুক্রবার শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এরপর ভারী বর্ষণ কোথায় কোথায়- শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এছাড়াও আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বহু জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ভারী বর্ষণ চলবে রবিবার পর্যন্ত। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি রয়েছে।উত্তরবঙ্গের আবহাওয়া- শুধু দক্ষিণই নয়। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ দশমীতে ভারী বর্ষণ হতে পারে। এরপর শুক্র ও শনিবার ওই জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই দুই দিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
