West Bengal Assembly Election। ‘এসআইআরের পরে রাজ্যে এনআরসি করবে বিজেপি’

Spread the love

বাংলায় সিএএ, এসআইআর করতে দেবেন না বলেছিলেন। তবে এই দুটোই হয়েছে। আর এবার নির্বাচনের মুখে সিউড়িতে নির্বাচনী প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, এসআইআর-এর পর এনআরসি করার ছক কষছে বিজেপি। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বাংলার ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। বিজেপির সোনার বাংলা বলার অধিকার নেই। এসআইআরের পরে এনআরসি করার ছক কষছে বিজেপি।’ রাজ্যে এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোটে থাবা বসাতে একাধিক দল মুখিয়ে আছে। বাম-কংগ্রেস ছাড়াও ভোটয়মদানে আছে আইএসএফ, হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি, আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম। এই আবহে ভোটে সংখ্যালঘুদের একজোট রাখতে মরিয়া তৃণমূল। তাই এসআইআর, এনআরসির মতো ইস্যুতে বেশ সরব মমতা।

এদিকে সরাসরি যোগী আদিত্যনাথের বক্তব্যেরও বিরোধিতা করেন মমতা। আজ তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কাল এসে এখানে বলেছেন, উত্তরপ্রদেশের মতো এখানেও বুলডোজার চলবে। মানেটা কী? আমরা বুলডোজার-নীতিতে বিশ্বাস করি না। আমরা ভালোবাসার নীতি বিশ্বাস করি।’ এদিকে বিজেপি টাকা দিয়ে ফাঁসাতে চাইতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপির কাছ থেকে টাকা নেবেন না। ভুল করবেন না। আমার কাজ আপনাদের সতর্ক করা। অ্যাকাউন্ট বানিয়ে টাকা দেবে বলে কালো টাকা দিয়ে দেবে। তার পর ইডি-সিবিআইয়ের মামলা করবে।’

এদিকে গত ২০২১ সালের নির্বাচনেও মমতার মুখে ছিল – ‘২৯৪ আসনে আমি প্রার্থী’। এবারও ফের মমতার গলায় সেই একই সুর। আজ সিউড়িতে তিনি বলেন, ‘উজ্জ্বল নয়, এখানে ধরে নিন আমিই প্রার্থী। তৃণমূলের নেতৃত্বে সরকার চাইলে ২৯৪ আসনে আমাকেই প্রার্থী বলে ভেবে নিন।’ উল্লেখ্য, সিউড়ি কেন্দ্রে তৃণমূল এবার প্রার্থী করেছে উজ্জ্বল চট্টোপাধ্যায়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *