রাজ্যে শিয়রে ভোট। ২০২৬ বিধানসভা ভোটের আগে এই মুহূর্তে চর্চায় এসআইআর। এই এসাইআর-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে কয়েক হাজার বাসিন্দার নাম বাদ গিয়েছে। বিচারাধীন রয়েছেন বহু। এই অবস্থায় এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হোলি ও দোল উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় জোরালো কণ্ঠে দিদি দাবি করেন, তিনিই ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হবেন। এদিকে, নাগরিকত্ব ইস্যু উঠে এসেছে বাংলায় মথুরাপুরে অমিত শাহের সভা থেকেও। সেখানে তিনি হিন্দু শরাণার্থীদের নাগরিকত্ব ইস্যুতে দিয়েছেন বড় বার্তা।
মথুরাপুরের সভা মঞ্চ থেকে অমিত শাহ বলেন,’ উপরে(ওপর মহলে অর্থাৎ কেন্দ্রে) বিজেপি সরকার রয়েছে। একজন হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না।’ এদিন বিজেপির পরিবর্তন যাত্রা নিয়েও মুখ খোলেন শাহ। তিনি বলেন,’এই যাত্রা মুখ্যমন্ত্রী বদলানো নয়। বাংলার মানুষই বদলাবেই। কিন্তু পরিবর্তনের অর্থ অনুপ্রবেশমুক্ত বাংলা তৈরি করা।’ প্রসঙ্গত, ভোটের আগে, রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। ২৯৪ টি আসনেই এই যাত্রা হবে। যেখানে একাধিক কেন্দ্রের নেতা-মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। আর তা নিয়েই এদিন ব্যখ্যা দেন অমিত শাহ। তাঁর ভাষণে এদিন উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বার্তা।
অন্যদিকে, নেতানি ইন্ডোরে কেন্দ্রের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ মেজাজে সুর তোলেন মমতা। তিনি বলেন,’ ‘আমি শক্ড (স্তম্ভিত), এরা অমানবিক, ভিনডিকটিভ কাজ করছে।’এরইসঙ্গে তিনি বলেন,’ ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে। ওরা জেনেশুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট একটি কেন্দ্র। আমার কেন্দ্র থেকে ৬০ হাজার ভোটারের নাম কাটা হচ্ছে। কিন্তু তার পরেও আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে প্রায় ৪৭,০৯৪ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আর তা নিয়েই হুঙ্কারের সুর শোনা যায় দিদির কণ্ঠে। মঞ্চ থেকে এদিন মমতা বলেন, ‘আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের উপর, বিশ্বাস আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধদের প্রতি। আমি ধর্নায় বসব, আমায় মোরাল সাপোর্ট দেবেন।’
