সচিন তেন্ডুলকরেরে ছেলে অর্জুনকে নিয়ে মুখ খোলায় রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণ করলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ। আইপিএলের আগে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সন্দেহ প্রকাশ করে বলেছিলেন যে অর্জুন আদৌও লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা। এমনকী দলে চোট-আঘাত না থাকলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বলেই জানিয়েছেন অশ্বিন। তাতেই চোটে যান যুবরাজের বাবা। সরাসরি অশ্বিনকে নিশানা করেন। প্রশ্ন তোলেন যে ‘অশ্বিন নিজে কী?’ সেইসঙ্গে তিনি দাবি করেন, অর্জুনকে ছয় মাসের জন্য নিজের হাতে পেলে এমনভাবে তৈরি করবেন যে বিশ্বের সেরা ব্যাটার হয়ে উঠবেন সচিন-পুত্র। আর সেই শর্ত পূরণ করতে না পারলে নিজের দাড়ি কেটে ফেলে দেবেন।
অর্জুন সুযোগ পাবেন না LSG-র একাদশে, মত অশ্বিনের
আর যুবরাজের বাবা সেই আক্রমণ করেছেন, নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিনের মন্তব্যের পরে। তিনি বলেন, ‘আমার মতে, (লখনউ সুপার জায়ান্টসের হয়ে অর্জুনের খেলা বা প্রথম একাদশে সুযোগ পাওয়া) অত্যন্ত কঠিন। কারণ ইতিমধ্যে দলে আছে মায়াঙ্ক যাদব, মহসিন খান, আবেশ খান এবং মহম্মদ শামি। অনেক ফাস্ট বোলার আছে। ও কোথায় খেলবে? আমার মনে হয় না যে ও প্রথম একাদশে ঢুকতে পারবে, যদি না অনেক চোট-আঘাতের ব্যাপার থাকে।’
‘অশ্বিন, যে হোক না কেন?’, তোপ যুবির বাবার
তাতেই চটে যান যুবরাজের বাবা। ভারতের প্রাক্তন তারকা অফস্পিনারকে নিশানা করে সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টসের সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ও ফালতু কথা বলছে। এই অশ্বিন লোকটা, ও যেই হোক না কেন, ওর জানা উচিত যে অন্যের বিষয়ে কীভাবে কথা বলা উচিত। একজন টিভিতে বসে বলে যাচ্ছে, ও এই কাজটা করতে পারবে না, ও ওই কাজটা করতে পারবে না। আরে ভাই, তুমি নিজে কী?’

‘৬ মাসের জন্য পাঠিয়ে দিন, নাহলে দাড়ি কেটে দেব’
তিনি আরও বলেন, ‘ক্রিকেটাররা যখন এরকমভাবে কথা বলে….ও সচিন তেন্ডুলকরের ছেলে। সেটা একটা আলাদা ব্যাপার। ও (অর্জুন) যখন এখানে ছিল, আমি যুবিকে বলেছিলাম যে অর্জুন তেন্ডুলকরের পুরো জিনিসে জোর দিচ্ছ। ও বোলার নয়। ওর শিরদাঁড়ার সমস্যা আছে। ওর হাত ৪৫ ডিগ্রিতে নেমে আসে। ও যখন এখানে ছিল, তখনও আমি ওর সঙ্গে কথা বলছিলাম। ও গোয়া দলে ছিল, তখনও ওর কোচকে সেটা বলেছিলাম। ও যখন ব্যাট করছিল, তখন ও ছক্কা ও বাউন্ডারি মারছিল। আমি ওর কোচকে বলেছিলাম, আপনারা করছেন টা কী? যদি আপনি না পারেন, তাহলে আমার কাছে পাঠিয়ে দিন।’
সেই রেশ ধরে চ্যালেঞ্জ ছুড়ে যুবরাজের বাবা বলেন, ‘আমি পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করছি যে যদি আমার সঙ্গে অর্জুন তেন্ডুলকর ছয় মাস থাকে, তাহলে এই বিশ্বের সমস্ত ব্যাটারকে ছাপিয়ে যাবে। নাহলে আমি আমার দাড়ি কেটে ফেলব এবং ছুড়ে ফেলে দেব। এভাবেই আমি আমার কাজ করি।’