টলিপাড়ায় কান পাতলেই এখন গুঞ্জন শুভস্মিতা মুখোপাধ্যায় আর সৌরভ চক্রবর্তী নাকি বেশ জমিয়ে প্রেম করছেন। এমনকী দু’জনে খুব তাড়াতাড়ি বসবেন বিয়ের পিঁড়িতেও। কিন্তু সত্যি কি প্রেম করছেন তাঁরা? এবার তা নিয়েই মুখ খুললেন সৌরভ-শুভস্মিতা।সিটি সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁদের থেকে জানতে চাওয়া হয় যে তাঁদের ঘিরে যে প্রেমের গুঞ্জন, তাঁদের নিয়ে দর্শকদের যে আশা, তাতে কি তাঁরা জল ঢেলে দেবেন? নাকি সত্যিটা সামনে আনবেন? এই প্রশ্নে সৌরভ খানি হেঁয়ালি করেই বলেন, ‘সামনে বর্ষাকাল আমি জানি না কী হবে।’ তারপর তিনি হেসে ফেলেন। পর্দার ‘ঝাঁপি’র ঠোঁটের কোনেও লেগেছিল হাসি।
এই বর্ষা থেকেই আসে বৃষ্টির প্রসঙ্গ। সেখানেই জানতে চাওয়া হয় প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বৃষ্টিতে ভিজতে কেমন লাগে? এই প্রশ্নে শুভস্মিতা বলেন, ‘আমি আসলে এটা কখনও করিনি। একা একা ভিজেছি।’ তারপর যখন তাঁদের দু’জনের একসঙ্গে বৃষ্টি ভেজার প্রসঙ্গ আসে তখন তাঁদের চোখে মুখে খেলে যায় এক রহস্যময় হাসি। ফলে তাঁরা প্রেম করছেন কিনা সেই প্রশ্নের আসল জবাব অবশ্য তাঁরা দেননি। কেউ এখনও এই গুঞ্জনে মুখও খোলেননি।
প্রসঙ্গত, মাস কয়েক ধরেই চর্চা ‘লক্ষ্মী ঝাঁপি’-র ‘দীপ’ আর ‘ঝাঁপি’র প্রেম নাকি শুধু পর্দায় আটকে নেই। কিছুদিন আগে তাঁদের বিয়ের গুঞ্জন জোরদার হতেই মুখ খুলেছিলেন তাঁরা। সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, ‘জুটি হিসেবে দর্শক আমাদের খুবই পছন্দ করেন ও ভালোবাসেন। এটা হয়তো এই গুঞ্জনের একটা কারণ। কিন্তু হ্যাঁ, সে সবের ঊর্ধ্বে গিয়ে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে। আর তা হওয়া খুবই স্বাভাবিক। কারণ গত আট মাস ধরে আমরা একসঙ্গে কাজ করছি। সেই বন্ধুত্বের রসায়ন দেখে ও পর্দায় আমাদের একসঙ্গে দেখে এমন একটা প্রত্যাশা হয়তো তৈরি হয়েছে। কাকে কতটা কার সঙ্গে মানাচ্ছে সেটা তো অপরপ্রান্তের মানুষ ভালো বুঝতে পারেন তাঁদের হয়তো এমনটা মনে হওয়া সেখান থেকেই। কিন্তু এমন কিছু ঘটছে না।’ অন্যদিকে, শুভস্মিতা বলেছিলেন, ‘আমরা বিয়ে করছি না। যদি করি তাহলে নিশ্চয়ই সকলকে জানাবো।
