চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করে রাজপাল যাদব সম্প্রতি চর্চায় ছিলেন। তিনি কিছুদিন জেলে কাটিয়ে বর্তমানে জামিনে মুক্ত। মুক্তি পাওয়ার পর রাজপাল নিজের কাজে মনোনিবেশ করেছেন এবং সম্প্রতি জেলে থাকাকালীন তাঁর অভিজ্ঞতা ও তারপর থেকে নিজের মধ্যে আসা পরিবর্তনগুলো তুলে ধরেছেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন আপনি কোনও পরিস্থিতিতে আটকে পড়েন এবং যাদের সঙ্গে ২০ বছর ধরে কাজ করেছেন, তাঁরা আপনার পাশে থাকে, তখন খুব ভালো লাগে। সে শিশু হোক বা প্রবীণ নাগরিক, সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। অনেকে তাঁদের শরীর, মন এবং অর্থ দিয়ে আমার পাশে থাকছেন, আর এতে আমার নিজেকে ১০০ বছর তরুণ মনে হয়েছে।’ এরপর রাজপাল মজা করে বলেন, ‘সারা বিশ্বের আমার কাছে যে ঋণ আছে, আমি সেই ঋণে ডুবে যেতে চাই।’
রাজপাল আরও বলেন যে এই অভিজ্ঞতা তাঁকে গভীরভাবে বদলে দিয়েছে। তিনি বলেন, ‘আমি ১৪ বছর বয়সে থিয়েটারে কাজ শুরু করি এবং গত ৪০ বছরে ৫০০টি জীবন যাপন করেছি। কিন্তু এখনও আমার মনে হচ্ছে যেন আমি পুনর্জন্ম লাভ করেছি। আমি আবার শিশুর মতো অনুভব করছি।’
জেলে কাটানো সময় নিয়ে কথা বলতে গিয়ে রাজপাল বলেন, ‘আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। সেই সময় আমি নিজেকে বলেছিলাম লড়াই চালিয়ে যেতে। মনে হচ্ছিল যেন আমি জলে ডুবে যাচ্ছি আর আমাকে নিজেকে টেনে তুলতে হচ্ছে। জীবনের অর্ধেকটাই তো চলে গিয়েছে।’
রাজপাল আরও বলেন, ‘আমি একজন যোদ্ধা। আমার জীবনে আমি পরিবার এবং বাকি বিশ্বের কাছ থেকে সহানুভূতি ও ভালোবাসা পেয়েছি। ভারতীয় চলচ্চিত্র আমাকে যা দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত শান্তিতে কাটাতে চাই। আমার একটু স্বস্তির নিঃশ্বাস দরকার। কেবল তখনই আমি হাসতে এবং অন্যদের হাসাতে পারব।’

রাজপালকে এরপর দেখা যাবে ‘ভূত বাংলা’ ছবিতে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, ভামিকা গাব্বি এবং টাবু। এই হরর কমেডিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। ছবিটি আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে। বড় পর্দায় রাজপালকে দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।