সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চর্চায় একটাই নাম শিরিন পাল। অভিনেতা জীতু কমলের নতুন নায়িকা তিনি। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দিতিপ্রিয়া রায়কে রিপ্লেস করেছেন শিরিন। তাঁর কাঁধে বিরাট দায়িত্ব। এটাই শিরিনের প্রথম মেগা, যদিও তিনি রঙ্গমঞ্চের চেনা মুখ। থিয়েটারে কাজ করেছেন বেশকিছু বছর ধরে।
শিরিনকে নিয়ে উৎসাহের শেষ নেই দর্শক মনে। রয়েছে কৌতুহলও। শিরিন ঝারগ্রামের মেয়ে, সেই কথা তো আগেই প্রকাশ্যে এসেছে। এবার নায়িকাকে নিয়ে জানা গেল আরেক গল্প। জি বাংলার আরেক নায়িকার সঙ্গে বিশেষ সখ্য়তা রয়েছে শিরিনের। মিঠিঝোরা, খেলনা বাড়ি খ্যাত নায়িকা আরাত্রিকা মাইতিও ঝারগ্রামের মেয়ে। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জোয়ার ভাঁটা ধারাবাহিকে। আরাত্রিকা ফাঁস করলেন শিরিন শুধু তাঁর পরিচিত নয়, বরং তাঁরা একসঙ্গে বড় হয়েছেন। এক স্কুলে পড়েছন। একদলে নাটক শিখেছেন।
নিজেদের কিছু পুরোনো স্মৃতি ভাগ করে নিয়ে আরাত্রিকা লেখেন, ‘অনেক শুভেচ্ছা শিরিন পাল (রূপসী) দি। কেমন যেন গল্পের মতন না!? একই স্কুল, একসাথে নাচ,একসাথে নাটক, একসাথে মক পার্লামেন্ট! একসাথে বেড়ে ওঠা!খুব ভালো কাজ করো!’
আদর করে শিরিনকে রূপসীদি বলে ডাকেন আরাত্রিকা। এমন মিষ্টি পোস্টের কমেন্ট বক্সে আদুরে জবাব দেন শিরিনও। তিনি লেখেন, ‘এই এত্ত আদর তোকে!!! একদিন দেখা কর এবার!’ উত্তর দেন আরাত্রিকাও। লেখেন, ‘চলো….’।
আরাত্রিকার পোস্টে মন্তব্যের বন্যা। একজন লেখন, ‘তোমরা দুজনেই ঝারগ্রামের গর্ব’। আরেকজন লেখেন, ‘এইভাবেই মন দিয়ে কাজ করো। ঝারগ্রামবাসী তোমাদের পাশে আছে’।

দিতিপ্রিয়ার জায়গায় কতটা মানাচ্ছে শিরিনকে, সেই নিয়ে চর্চা চতুর্দিকে। ওদিকে নতুন অপর্ণাকে সাদরে আলিঙ্গন করে নিয়েছেন জীতু কমল। সহ-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। রবিবার রাতে আর্য-অপর্ণার মিলনের প্রোমো শেয়ার করে লেখেন, ‘তিন দিন কাজ করলাম, দুর্দান্ত অভিনেত্রী। সত্যি বলছি । ডিরেক্টর কে খুব একটা বেশি খাটতে হবে না। খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে কাজ। খুব তাড়াতাড়ি বুঝতে পারে। আর বিবেক-শিক্ষিতা তো,তাই জন্য ওর মধ্যে একটা বিবেক কাজ করে,যে কতটুকু আমি শুনবো আর কতটুকু শুনবো না। খুব সুন্দর হবে আমাদের কাজ এই আশা রাখি। এটাও জানি,আপনারা পাশে ছিলেন এবং পাশে থাকবেন। নতুন শুরু করেছে তাকে উৎসাহিত করবেন। নীচে টেনে নামানোর চেষ্টায় ওর মন ভেঙে দেবেন না। কিছু কিছু মানুষ তবুও করবেন তাদেরকে আর কী বলব বলুন। তারা তাদের কাজ করে যাবেন, আমরা আমাদের কাজটুকু করি।’