জি বাংলায় নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’ আসছে। সেই মেগা সন্ধ্যা ৭টার স্লটে সম্প্রচারিত হবে। তাই অনেকেই ভেবেছিলেন ‘জগদ্ধাত্রী’ মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু চ্যানেলের পক্ষ থেকে জানানো হয় ‘জগদ্ধাত্রী’র কেবল স্লট বদল হয়েছে। আর সেই স্লট বদলে হয়েছে সন্ধ্যা সাড়ে ৭টা।
আর সাড়ে ৭টার স্লটে জি বাংলার আরও একটি জনপ্রিয় মেগা ‘ফুলকি’ সম্প্রচারিত হয়। ফলে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে তাহলে কি ‘ফুলকি’ শেষ হচ্ছে? হ্যাঁ, হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক গুঞ্জনে শিলমোহর দিয়েছেন।
পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস বলেছেন, ‘হ্যাঁ, ফুলকি শেষ হচ্ছে। আমাদেরকে সেটাই জানানো হয়েছে। দ্রুত কাজ সারছি আর কী। ২৮ তারিখের ডেডলাইন রয়েছে। তবে প্রয়োজনে এক-দু’দিন বাড়তে পারে। দেখা যাক। যার শুরু আছে, শেষ তো থাকবেই। তবে দর্শকরা যে ভালোবাসা দিয়েছেন সেটাই আসল প্রাপ্তি। মন খারাপ যেমন আছে, তেমনই ফের নতুন কিছু করবার তাগিদও রয়েছে।’
কিন্তু ‘ফুলকি’ দিব্যাণী মন্ডল, তাঁর মনে কী অবস্থা? এটাই নায়িকার প্রথম ধারাবাহিক ছিল। তা শেষ হওয়া নিয়ে কি মন খারাপ নায়িকার? আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘৯০০ পর্বে শেষ হচ্ছে। ভাল লাগছে, খুবই ভাল লাগছে। কিন্তু একই সঙ্গে এতদিনের একটা সফর, অনেক স্মৃতি…। আমার প্রথম জার্নি এটা, প্রথম কাজ। প্রথম সব কিছু এখানেই শিখেছি, জেনেছি। ‘ফুলকি’ই আমায় সব শিখিয়েছে। অনেক কিছু এখান থেকে জেনেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, সুন্দর স্মৃতি তৈরি হয়েছে। এই ঘোর থেকে বেরোতে একটু সময় লাগবে, যেহেতু এটা আমার প্রথম ধারাবাহিক। তবে একটা জিনিস যখন শুরু হয়, তখন জানতামই এটা একদিন না একদিন শেষ হবে। কিন্তু এতদিন চলল, দর্শকরা এখনও আমাদের এত ভালবাসে, এটা একটা বড় পাওনা। অনেক, অনেক, অনেক বড় পাওনা এটা।’

তিনি আরও বলেন, ‘মিস করব, প্রতিটা মানুষকে মিস করব, কিন্তু কয়েকজনকে একটু বেশি মিস করব। আশা করব তাঁদের সঙ্গে অন্য কোথাও দেখা হবে, বাইরে দেখা হবে। প্রথমবার প্রথম কাজ শেষ হচ্ছে, একটা মন খারাপ তো তাই রয়েছেই। এই অনুভূতিটা বোঝানো যাবে না। এখনও শুট চলছে আমাদের, ব্যাঙ্কিং তুলতে হচ্ছে আমাদের। শেষ দিন কী হবে জানি না। এটা আমার প্রথম বাড়ি হয়ে উঠেছিল, এখানেই ১৩-১৪ ঘণ্টা থাকতাম। নিজের বাড়িটা দ্বিতীয় বাড়ি হয়ে গেছিল। সবার সঙ্গে এত বেশি জুড়ে গিয়েছিলাম… এটাই হয়তো বড় হয়ে যাওয়া। এবার এগোতে হবে।’