সোমবার জানা গিয়েছে দ্বিতীয় বিয়ে সেরেছেন সামান্থা রুথ প্রভু। প্রেমিক পরিচালক রাজ নিদিমোরু গাঁটছড়া বেঁধেছেন। একটি সূত্র এইচটি সিটিকে জানিয়েছে যে, সোমবার সকালে বিয়ের অনুষ্ঠান হয়েছিল ঈশা যোগ কেন্দ্রের ভিতর লিং ভৈরবী মন্দিরে। এবার নায়িকা প্রকাশ্যে আনলেন বিয়ের ছবি।
সেখানে দেখা যায় লাল টুলটুকে শাড়ি, খোঁপায় জড়ানো সাদা ফুলের মালা আর ভারী নেকলেসে সেজে উঠেছিলেন নায়িকা। হাতে মেহেন্দি ও চুড়িও পরেছিলেন। অন্যদিকে, সাদা রঙের পাঞ্জাবি, পাজামা ও সোনালি রঙের জহর কোটে সেজে ছিলেন রাজ। তাঁরা আংটি বদলও করেন। সামান্থা ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখেন আজকের তারিখ অর্থাৎ ০১.১২.২০২৫।
মোট ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। রবিবার গভীর রাতে এই জুটি বেদীর দিকে যাচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আর সেই জল্পনা আরও খানিক উসকে দিয়েছিলেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামালি দে। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় উদ্ধৃতি পোস্ট করেছিলেন। সেখানে লেখা ছিল, ‘মরিয়া মানুষ মরিয়া জিনিস করে, চারদিকে ভ্রু উঁচু করে।’
প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে তাঁর এবং রাজের বিবাহবিচ্ছেদ হয়েছিল। রাজের জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় পর্বে সামান্থাকে নজর কাড়তে দেখা যায়। তাছাড়াও ‘সিটাডেল হানিবানি’-এর হিন্দি সংস্করণ ‘হানিবানি’তে বরুণ ধাওয়ানের বিপরীতে সামান্থাকে দেখা যায়। এই সিরিজটিও ডিকের সঙ্গে যৌথ ভাবে পরিচালনা করেছিলেন রাজ।এর মাঝেই রাজ এবং সামান্থার বাড়তে থাকা ঘনিষ্ঠতা সম্পর্কে ২০২৪ -এর গোড়ার দিকে নানা খবর সামনে আসতে থাকে। গত এক বছর ধরে, সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজের সঙ্গে ছবি পোস্ট করা শুরু করেন। ফলের তাঁদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন তাতে এক প্রকার সিলমোহর পড়ে।

প্রসঙ্গত সামান্থা এর আগে অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু নানা কারণে তাঁরা আলাদা হন। এক সময় জানা যায় তাঁদের সম্পর্কে চিড় ধরেছে। অবশেষে তাঁরা চার বছর একসঙ্গে সংসার করার পর আলাদা হয়ে যান। ডিভোর্স হয়ে যায় তাঁদের। এরপর দেখা যায় নাগা অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।