বলিউডের তারকাসন্তানদের মধ্যে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার ছেলে আরব ভাটিয়া। তবে এবার অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে তাঁর একটি ছবি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। ছুটির মুহূর্তে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের হাতে ছিল ঘরে তৈরি কিছু বেক করা খাবার।
অনন্যার সঙ্গে আরবের ছুটির মুহূর্ত
ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি ভাগ করে নিয়েছেন অনন্যা। ছবিতে পাশাপাশি বসে ক্যামেরার সামনে খাবার হাতে পোজ দিতে দেখা যাচ্ছে দু’জনকে। তাঁদের এক বন্ধুর পোস্ট করা ছবিটি পরে নিজের স্টোরিতে শেয়ার করেন অভিনেত্রী। ছবির সঙ্গে লেখা ছিল, ‘গাইজ, আমার হাতে তৈরি খাবার অনুমোদন পেয়েছে।’
ছবিতে আরবের পরনে ছিল ধূসর রঙের নকশা করা কার্ডিগান এবং গাঢ় রঙের শার্ট। তাঁর হাতে ছিল মাফিন ভর্তি একটি স্বচ্ছ পাত্র। অন্যদিকে, বাদামি রঙের ঢিলেঢালা হুডি পরে দেখা গিয়েছে অনন্যাকে। পোশাকের উপরে নীল রঙে লেখা ছিল ‘ম্যাড লাকি’।
কেন চর্চায় আরব ভাটিয়া?
২০০২ সালের ১৫ সেপ্টেম্বর অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার প্রথম সন্তান হিসেবে জন্ম আরবের। তাঁদের আরও এক সন্তান রয়েছে, মেয়ে নিতারা, যার জন্ম ২০১২ সালে। বলিউডের অন্যতম পরিচিত পরিবারের সদস্য হলেও আরবের জীবনযাপন অন্য অনেক তারকাসন্তানের থেকে আলাদা। অভিনয় কিংবা বিনোদন জগতের প্রচারের সঙ্গে তাঁকে খুব একটা যুক্ত থাকতে দেখা যায় না। পরিবারের সঙ্গে মাঝেমধ্যে প্রকাশ্যে এলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর সংবাদমাধ্যমের সামনে আসেন না তিনি।

কাজ নিয়ে ব্যস্ত অনন্যা
কাজের ক্ষেত্রে অনন্যাকে শেষবার কার্তিক আরিয়ানের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ এবং লক্ষ্যর সঙ্গে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে দেখা গিয়েছে। তবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি কোনও ছবিই।
এবার ‘কল মি বে’-র দ্বিতীয় সিজনে বেলা বে চৌধুরীর চরিত্রে ফিরতে চলেছেন অভিনেত্রী। এই সিরিজে শ্রুতি হাসানকেও দেখা যাবে। তবে তাঁর চরিত্র এবং নতুন সিজনের গল্প নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। জার্মানিতে প্রাইম ভিডিয়োর ‘অবসেসড রিট্রিট’ অনুষ্ঠানে দ্বিতীয় সিজনের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছিল।
চলতি বছরের গোড়ায় অনুরাগীদের সঙ্গে একটি ভার্চুয়াল কথোপকথনে অনন্যা জানিয়েছিলেন, নতুন সিজনে বেলা, নীল এবং অ্যাগির সম্পর্কের সমীকরণ আরও জটিল হবে। পাশাপাশি বেলার বন্ধুদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা দিকও গুরুত্ব পাবে। অভিনেত্রীর কথায়, এবার বেলাকে আরও পরিণত হিসেবে দেখা যাবে। পেশাগত জীবনে সাংবাদিক হিসেবে এগিয়ে যাওয়ার পাশাপাশি সম্পর্কের টানাপোড়েনও সামলাতে হবে তাকে।