বেটিং অ্যাপ মামলায় এল নতুন মোড়। বিপাকে অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী মতো একাধিক তারকা। এই মামলায় কিছু মাস আগেই তলব করা হয়েছিল সোনু সুদ থেকে যুবরাজ সিংয়ের মতো বড় বড় তারকাদের। এবার তলব করা প্রায় প্রত্যেক তারকাদের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই বেটিং অ্যাপ মামলায় বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৭. ৯৩ কোটি টাকার সম্পত্তি। যুবরাজ সিংয়ের থেকে নেওয়া হয়েছে ২.৫ কোটি টাকা, রবিন উথাপ্পার কাছ থেকে নেওয়া হয়েছে ৮.২৬ লক্ষ টাকা, ঊর্বশী রাউতেলা দিয়েছেন ২.০২ কোটি টাকার সম্পত্তি।
নেহা শর্মার থেকে ১.২৬ কোটি টাকা এবং গরিবের মসিহা সোনু সুদের থেকে নেওয়া হয়েছে এক কোটি টাকার সম্পত্তি। এই তালিকায় ছিলেন মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরাও। মিমির থেকে ৫৯ লাখ টাকা এবং অঙ্কুশের থেকে ৪৭.২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে উঠে আসে একাধিক তারকার নাম। দুমাস আগেই দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরাকে।
যদিও এই প্রথম নয়, আগে ধাওয়ানের থেকে ৪.৫ কোটি টাকার সম্পত্তি এবং রায়নার থেকে ৬ কোটি ৬৪ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। যদিও এই মামলায় অভিযুক্ত প্রত্যেকেই প্রায় জানিয়েছিলেন তাঁরা এই আর্থিক তছরুপ নিয়ে কিছুই জানতেন না। শুধুমাত্র একটি নির্দিষ্ট কন্ট্রাক্ট-এর বিনিময়ে কাজ করেছিলেন তাঁরা।
