চলতি বছরের ২২ নভেম্বর টিউব-পাইপ এবং টাটা স্টিল কালার্স (Tata Steel Colors) বিক্রির সিদ্ধান্তে সিলমোহর দেয় টাটাদের শতাব্দী প্রাচীন ইস্পাত সংস্থার পরিচালন পর্ষদ। ইতিমধ্যেই নথি জমা করে শেয়ারবাজারকে সে কথা জানিয়েছে তারা। দেশের ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠীর থেকে এগুলি অধিগ্রহণ করবে এপিএল অ্যাপোলো টিউবস (APL Apollo Tubes)। দু’টি পর্যায়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
ইস্পাত ব্যবসায় বড়সড় রদবদলের প্রস্তুতি নিচ্ছে টাটা স্টিল (Tata Steel)। সেই লক্ষ্যে টিউব ও পাইপ এবং টাটা স্টিল কালার্স বিক্রির অনুমোদন দিয়েছে ইস্পাত সংস্থাটির পরিচালন পর্ষদ (Board)।
সূত্রের খবর, প্রথমে ১১,৭০০ কোটি টাকায় টাটা স্টিলের অন্তর্গত টিউব ও পাইপের ব্যবসা কিনে নেবে এপিএল অ্যাপোলো টিউবস। পাশাপাশি, ১৬,৩০০ কোটি টাকায় টাটা স্টিল কালার্স-এ থাকা টাটা স্টিলের সম্পূর্ণ ১০০ শতাংশ অংশীদারিত্বও অধিগ্রহণ করবে তারা।এহেন নজিরবিহীন সিদ্ধান্তের জেরে তাদের কোষাগারে ২৮,০০০ কোটি টাকা ঢুকবে বলে জানা যাচ্ছে।
টিউব এবং পাইপ ব্যবসার হস্তান্তর প্রক্রিয়াটি ‘স্ল্যাম্প সেল’ (Slump sale) ভিত্তিতে সম্পন্ন হবে। এর অর্থ হলো, যাবতীয় সম্পদ-সহ চালু প্রতিষ্ঠান হিসেবে এককালীন টাকায় টাটাদের টিউব-পাইপের ব্যবসা অধিগ্রহণ করছে অ্যাপোলো টিউবস। এই লেনদেনের আওতায় জামশেদপুর, হোসুর, খোপোলি এবং সাহিবাবাদের উৎপাদন কেন্দ্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও খোপোলিতে টাটা স্টিলের দু’টি উৎপাদন কেন্দ্র রয়েছে। কোল্ড-রোলিং এবং সারফেস কোটেড ইস্পাত তৈরির জন্য যা বিখ্যাত। সেগুলিও অধিগ্রহণ করবে অ্যাপোলো টিউব্স। গত আর্থিক বছরে (২০২৫-২৬) এই ব্যবসার বার্ষিক আয়ের পরিমাণ ছিল ১১,৩৭৫ কোটি টাকা, যা দেশের ঐতিহ্যবাহী ইস্পাত সংস্থাটির মোট বার্ষিক আয়ের মাত্র ৪.৯ শতাংশ।

দ্বিতীয় লেনদেন হলো টাটা স্টিল কালার্স সংক্রান্ত, যা পূর্বে ‘টাটা ব্লুস্কোপ স্টিল’ (Tata BlueScope Steel) নামে পরিচিত ছিল। এর ৫০ শতাংশ মালিকানা রয়েছে টাটাদের মূল ইস্পাত সংস্থার হাতে। বাকি ৫০ শতাংশ শেয়ারের মালিক হল টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড (TSDPL), যারা আবার মূল ইস্পাত সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠান। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, এপিএল অ্যাপোলো ১৬,৩০০ কোটি টাকায় উভয় অংশীদারিত্বই অধিগ্রহণ করবে। এই অর্থ সমানভাবে ভাগ করা হবে, যার ফলে টাটা স্টিল পাবে ৮,১৫০ কোটি টাকা এবং টিএসডিপিএল (TSDPL) পাবে সমপরিমাণ অর্থ। টাটা স্টিল কালার্স মূলত কালার-কোটেড ইস্পাত পণ্য তৈরি করে। ২০২৫-২৬ অর্থবর্ষে সংস্থাটি প্রায় ৪,৬৮০ কোটি টাকার রাজস্ব আয় এবং ৮৫ কোটি টাকার নিট মুনাফা নথিভুক্ত করেছে।
কেন এই ব্যবসাগুলি বিক্রি করছে টাটা স্টিল?
একে শিল্পগোষ্ঠীটির নিজের পোর্টফোলিও সুসংহত করার প্রচেষ্টা হিসেবেই দেখছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ। সাম্প্রতিক অতীতে আরও অত্যাধুনিক ইস্পাত বানানোর দিকে নজর দিয়েছে টাটা স্টিল। পাশাপাশি, উচ্চ মূল্যের ইস্পাত বিভাগে নিজেদের উপস্থিতি জোরাল করতে চাইছে তারা। আর্থিক বিশ্লেষকদের দাবি, দু’টি ব্যবসা বিক্রির মাধ্যমে নগদ অর্থের পরিমাণ বাড়িয়ে নিতে পারবে শতাব্দী প্রাচীন এই শিল্পগোষ্ঠী। পরে, সেই টাকাই লগ্নি হবে গবেষণা-সহ অন্যান্য খাতে। অন্যদিকে, এপিএল অ্যাপোলোর জন্য এই অধিগ্রহণ স্টিল টিউব, পাইপ এবং কোটেড স্টিল পণ্যের বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। টাটা স্টিলের উৎপাদন কেন্দ্রগুলি যুক্ত হওয়ায় তাদের ব্যবসা সম্প্রসারিত হবে।