আগামী ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের নির্বাচন। এ বছরের নির্বাচনে সবথেকে বড় চমক কার্যকরী সভাপতি বা ‘ওয়ার্কিং প্রেসিডেন্ট’ পদে পরিবর্তন। অভিনেতা জিতের জায়গায় এই পদে স্থলাভিষিক্ত হলেন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সভাপতি পদে অবশ্য কোনো পরিবর্তন হয়নি, সেখানে নিজের জায়গা ধরে রেখেছেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, তবে লড়াই এখনো বাকি বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে।
ফোরামের বিভিন্ন পদের প্রার্থীদের তালিকা দেওয়া হলো:
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত (Elected): ফোরামের প্রধান চারটি পদে প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন।
সভাপতি: রঞ্জিত মল্লিক।
কার্যকরী সভাপতি: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সাধারণ সম্পাদক: শান্তিলাল মুখোপাধ্যায়।
সহ-সম্পাদক (২টি পদ): চন্দন সেন এবং শুভাশিস মিত্র (রানা)।
সহ-কোষাধ্যক্ষ: দিগন্ত বাগচী।
বাকি পদের মনোনয়ন তালিকা প্রকাশ্যে এসেছে। নির্বাচন ৮ই ফেব্রুয়ারি।
সহ-সভাপতি (৫টি পদ): এই ৫টি আসনের জন্য লড়ছেন ৬ জন তারকা— কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দীপক চক্রবর্তী (চিরঞ্জিৎ)।
সহকারী সম্পাদক (২টি পদ): এই পদের লড়াইয়ে আছেন দেবাশিস ঘোষ, দেবদূত ঘোষ এবং আবীর চট্টোপাধ্যায়।

কোষাধ্যক্ষ (১টি পদ): লড়াই হবে বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং সোহন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে।
কার্যকরী কমিটি (Executive Committee – ৭টি পদ): সবথেকে বড় লড়াই হবে এই ৭টি আসনের জন্য। এখানে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তালিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, গর্বিতা সাহা, অর্পণ বন্দ্যোপাধ্যায়, অলক মল্লিক, শঙ্কর চক্রবর্তী, পায়েল দে, সুদীপ মুখোপাধ্যায়, জয়ন্ত দত্ত বর্মন, কুশল চক্রবর্তী, শ্যামল সাহা, শুভ্রজিৎ দত্ত, কৃষ্ণা চক্রবর্তী, অর্পণ ভট্টাচার্য, অভিজিৎ সরকার, সুব্রত ভট্টাচার্য, বিদীপ্তা চক্রবর্তী এবং অরুন্ধতী দে।
আগামী ৮ই ফেব্রুয়ারি জানা যাবে, টলিপাড়ার এই শক্তিশালী সংগঠনের প্রশাসনিক দায়িত্বে শেষ পর্যন্ত কারা জায়গা করে নেন। তবে জিৎ কেন আর্টিস্ট ফোরামের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ালেন তার কারণ স্পষ্ট নয়। যদিও ঘনিষ্ঠমহল বলছে আপতত নিজের ছবিতেই ফোকাস তাঁর। অভিনেতা আপতত ব্য়স্ত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। ওদিকে টলিউডের পাশাপাশি মুম্বইয়ে একাধিক প্রোজেক্ট নিয়ে ব্য়স্ত প্রসেনজিৎ। তবে টলিউডের অভিভাবকের ভূমিকা তিনি সর্বদাই আছে। পদ না থাকলেও বুম্বাদাকে সবসময়ই পাশে পায় শিল্পীরা। এবার গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন সুপারস্টার।