কলকাতায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং পাঞ্জাব কিংসের ম্যাচটি বৃষ্টির কারণে থেমে গেলেও, এই সন্ধ্যার সবচেয়ে বড় আকর্ষণকে ম্লান করতে পারেনি, আর সেই আকর্ষণটি ছিল সুপারস্টার তথা কেকেআর-এর মালিক শাহরুখ খানের উপস্থিতি । আর শাহরুখ ও ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত।
সোমবার শাহরুখ তাঁর দলকে সমর্থন জানাতে কলকাতার ইডেন গার্ডেন্সে হাজির হয়েছিলেন। পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল ) ২০২৬-এর ম্যাচটিতে তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খানও। তবে, ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি বাতিল করা হয়।
পরে, কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়, যেখানে দেখা যায় শাহরুখ মাঠের বাইরে সৌরভের সঙ্গে দেখা করছেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের ভালোবাসায় সেই মুহূর্তটি ভরে উঠেছে।
ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়, ‘যখন কিং বাংলার রাজকুমারের সঙ্গে দেখা করলেন।’ ভিডিয়োটিতে শাহরুখকে সৌরভের সঙ্গে কথা বলতে দেখা যায়, তারপর তাঁরা দু’জন একে অপরকে জড়িয়ে ধরেন। চোটের কারণে টুর্নামেন্টের বাইরে থাকা হর্ষিত রানা এবং শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকেও তাঁদের সঙ্গে দেখা যায়।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ভক্তদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছে। একজন ভক্ত লিখেছেন, ‘দাদাকে কেকেআর কোচ হিসেবে ফিরিয়ে আনুন’, আর একজন লিখেছেন, ‘যখন রাজার সঙ্গে রাজপুত্রের মিলন ঘটে, তখন এক জাদুর সৃষ্টি হয়, আর একেই বলে শৈশবের রূপকথা!’ আর একজন লেখেন, ‘ওঁরা নিজ নিজ ক্ষেত্রের কিংবদন্তি’।

একটি মন্তব্যে লেখা ছিল, ‘ভিন্টেজ। কালজয়ী। অতুলনীয়’। আর এক ভক্ত লেখেন, ‘বলিউডের কিং শাহরুখ খানের সঙ্গে বাংলার রাজপুত্র সৌরভ গাঙ্গুলীর সাক্ষাৎ।’ একজন ভক্ত এটাকে ‘ইডেন গার্ডেন্সের চূড়ান্ত পুনর্মিলন’ বলেছেন।কাজের সূত্রে, শাহরুখ খানকে এরপর ‘কিং’ ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত এবং সৌরভ শুক্লা। খবর অনুযায়ী, অনিল কাপুর এবং রানী মুখোপাধ্যায়কেও দেখা যাবে। অ্যাকশনধর্মী এই ছবিটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নেলসন দিলীপকুমারের ‘জেইলার ২’-তে প্রথমবারের মতো তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ। অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ে জীবনীমূলক ছবি ‘দাদা’ -এর শ্যুটিংও ইতিমধ্যেই শুরু হয়েছে। এই ছবিতে মহারাজের ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে।