ইমনের জীবনে প্রাক্তনের ভূমিকা কী?

Spread the love

Iman Chakraborty: ইমনের জীবনে ‘প্রাক্তন’ শব্দটির একটা আলাদাই মানে রয়েছে। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত ‘প্রাক্তন’ ছবিতে গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছিলেন ইমন। তেমন অন্যদিকে ব্যক্তিগত জীবনেও ইমনের রয়েছে প্রাক্তন। যদিও সেই প্রাক্তনকে পিছনে ফেলে দিয়ে আর তিনি বর্তমানের সঙ্গেই নিজের জীবনের খুঁটি বেঁধেছেন। তবে একসময় যে ছিল বর্তমান, সেই প্রাক্তনের ভূমিকা কতটা ইমনের জীবনে?

সম্প্রতি ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির প্রিমিয়ারে প্রাক্তন নিয়ে কথা ওঠে কারণ আজও অর্ধাঙ্গিনী ছবিতে শুভ্রা চরিত্রটি সুমনের প্রাক্তন স্ত্রী, অন্যদিকে মেঘনা বর্তমান। তাই খুব স্বাভাবিকভাবেই প্রাক্তন শব্দটি উঠে আসে। এদিকে এ কথা সকলেরই জানা শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন ইমন, তাই ব্যক্তিগত জীবনে সেই মানুষটির ভূমিকা কী, সেটা নিয়ে প্রশ্ন করা হয় ইমনকে।

প্রাক্তন প্রসঙ্গে প্রশ্ন উঠলে ইমন বলেন, ‘আমার জীবনে প্রাক্তন মানে অনেকটা অভিজ্ঞতা। এবং সেটা ভীষণ রঙিন। কখনও কালো, কখনও ধূসর, কখনও আবার রামধনুর মতো। তবে আমার জীবনে আমার প্রাক্তনরা অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছেন। যেটা আমার অভিজ্ঞতা সঞ্চয় করতে কাজে দিয়েছে। আমি কিছুই ভুলে যাইনি।’

প্রসঙ্গত, শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রায় চার বছর সম্পর্কে ছিলেন ইমন। তারপর হঠাৎ করেই সম্পর্কে বিচ্ছেদ আসে। এরপর নীলাঞ্জনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান ইমন। অন্যদিকে ইমনের সঙ্গে বিচ্ছেদের পর স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন শোভন যদিও সেটাও পরবর্তীকালে টেকেনি। বর্তমানে তিনি সোহিনী সরকারের সঙ্গে সুখে ঘর সংসার করছেন।উল্লেখ্য, ‘অর্ধাঙ্গিনী’ ছবির পাশাপাশি ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতেও গান গেয়েছেন ইমন চক্রবর্তী। ছবির পাশাপাশি গান দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে সগর্বে চলছে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *