Bengal investment under BJP Govt: পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে আড়াই মাসও পার হয়নি। তারইমধ্যে রাজ্যে ইতিমধ্যে ২৮,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ এসে গিয়েছে বলে দাবি করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালন। তিনি দাবি করেছেন, ‘গভীর সমুদ্র বন্দর ও মিতসুবিশির সেমিকন্ডাক্টর প্রকল্পের বিনিয়োগের পরিমাণ যুক্ত না করেও এই বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ ইতিমধ্যে ২৮,০০০ কোটি টাকারও বেশি (হয়ে গিয়েছে)।’ তিনি দাবি করেছেন, ‘ভয় ও স্থবিরতার যুগ শেষ হতে চলেছে। শুরু হতে চলেছে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন যুগ।’
‘সেই অধ্যায়ের অবসান ঘটতে চলেছে’, বার্তা অগ্নিমিত্রার
কোন সংস্থা কত টাকা বিনিয়োগ করতে চলেছে, সেই সংক্রান্ত একটি তালিকাও তুলে ধরেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, ‘দীর্ঘদিন ধরে রাজনৈতিক হিংসা, দুর্নীতি এবং নীতিগত অনিশ্চয়তার কারণে পশ্চিমবঙ্গ শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। সেই অধ্যায়ের অবসান ঘটতে চলেছে।’
ফ্লিপকার্টের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
সেইসঙ্গে তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করবে, শিল্পায়নের গতি বাড়াবে, লাখ-লাখ কর্মসংস্থান তৈরি করবে এবং পশ্চিমবঙ্গকে আবারও ভারতের আর্থিক বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।’ আর তিনি যেদিন সেই কথা বলেছেন, সেদিনই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। সূত্রের খবর, বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।

কোন কোন সংস্থা লগ্নি করছে? তালিকা অগ্নিমিত্রার
১) লাক্স ইন্ডাস্ট্রিজ: ডানকুনিতে ৬০০ কোটি টাকা।
২) শ্যাম স্টিল: বাঁকুড়ার মেজিয়ায় ১৫,০০০ কোটি টাকার সম্প্রসারণ।
৩) ফিউশন সিএক্স: ১০০ কোটি টাকার আইটি ও আইটিইএস ক্যাম্পাস, যেখানে ৯,০০০-এরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনা।
৪) লারসেন অ্যান্ড টুবরো: ৪,৫০০ কোটি টাকার প্রস্তাবিত এআই ডেটা সেন্টার, যার মাধ্যমে প্রায় ২৫,০০০ কর্মসংস্থান তৈরি হতে পারে।
৫) বার্জার পেইন্টস ও পিয়ারলেস: ১,৬০০ কোটি টাকার আবাসন প্রকল্প।
৬) আইটিসি লিমিটেড: উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে ২,৩০০ কোটি টাকার বিনিয়োগ।
৭) আমূল: দুগ্ধ পরিকাঠামো ও প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে ৬৫০ কোটি টাকা।
৮) জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার: কলকাতা ডক সিস্টেমে ৮৩২.২৫ কোটি টাকার বিনিয়োগ।
৯) মিতসুবিশি: দুর্গাপুর বা পানাগড়ে প্রস্তাবিত সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিট।