ইরানে বিমান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে কুয়েত। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে ওই প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি এবং দেশটির ভূখণ্ড, আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা কোনো ধরনের হামলা পরিচালনার জন্য ব্যবহারের অনুমতিও দেয়নি।
এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, ইরান উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইন গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে ইরানের অভ্যন্তরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে এটি ছিল বাহরাইন ও কুয়েতের প্রথম সরাসরি সামরিক প্রতিশোধমূলক অভিযান।
প্রতিবেদনে বলা হয়, ওমান ও কাতার দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করে আসছে এবং তারা তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে আগ্রহী নয়।

ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, যুদ্ধের শুরুর দিকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানে হামলায় অংশ নিলেও বর্তমানে রিয়াদ তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও বাহরাইনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। সূত্রগুলোর মতে, এটি ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সামরিক সমন্বয়ের ইঙ্গিত বহন করে।