যুদ্ধের সময় দখলদার ইসরাইলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।একটি ফায়ারিং স্কোয়াডে এই ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
গাজার হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কিছু সশস্ত্র গোষ্ঠী মানবিক সহায়তা লুটপাট ও বেসামরিক সম্পত্তিতে হামলার মতো অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। মন্ত্রণালয় মৃত্যুদণ্ড কার্যকরা ব্যক্তিদের ‘দালাল ও অবৈধ ব্যক্তি’ হিসেবে অভিযুক্ত করেছে।
নিরাপত্তা সূত্র জানায়, হামাস নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী গাজা সিটিতে পুনরায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং এসব সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে।সূত্রগুলো আরও জানায়, অভিযানের সময় গোলাগুলিতে বেশ কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে। তারা অভিযোগ করে, নিহতরা বিপর্যস্ত বেসামরিক নাগরিকদের হত্যা ও ইসরাইলি বাহিনীর সঙ্গে সহযোগিতায় সঙ্গে জড়িত ছিল।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরাইল সেনাদের আংশিক প্রত্যাহারের পর উপত্যকাটিতে দ্রুত পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে হামাস।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হামাস যোদ্ধারা সাতজন পুরুষকে পেছনে হাত বেঁধে গাজা সিটির এক চত্বরে নিয়ে আসে। পরে তাদের বসিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করে। আশপাশের বহু বহু মানুষ এ দৃশ্য প্রত্যক্ষ করেন।
হামাসের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি সোমবারই ধারণ করা হয়েছে এবং এই অভিযানে হামাসের যোদ্ধারাই অংশ নিয়েছিল।
ভিডিওটির ভৌগোলিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ঘটনাস্থলটি গাজা সিটিতেই বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ঘটনাটি হামাসই ঘটিয়েছে সেটি কোনো পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কিছু সময়ের জন্য সশস্ত্র হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলে পৌঁছার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামাস আবারও অস্ত্র সংগ্রহ করছে। হামাস পুনরায় সংগঠিত হয়ে ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে কাজ শুরু করছে।
ট্রাম্প দাবি করেন, হামাস কয়েক মাস ধরে যুদ্ধের পর শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই প্রক্রিয়ার জন্য গোষ্ঠীটিকে কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্র অনুমতি দিয়েছে।
তিনি বলেন, তারা এ বিষয়টি প্রকাশ্যেই করছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি। আপনাকে বুঝতে হবে-তারা সম্ভবত ৬০ হাজার মানুষকে হারিয়েছে। এটি অনেক বড় প্রতিশোধের বিষয়।