বছর শেষে দুম করে বন্ধ হচ্ছে আরও এক মেগা সিরিয়াল। খারাপ খবর টেলিপাড়ায়। জি বাংলার জোড়া মেগা বন্ধ হয়েছে সম্প্রতি। জগদ্ধাত্রী, ফুলকি বন্ধ হওয়ায় মন খারাপ দর্শকদের। যদিও সেই অভাব পুষিয়ে দিচ্ছেন পল্লবী-বিশ্বরূপ, রাজদীপ-কৌশিকী জুটি।
এবার জি বাংলা সোনার চ্যানেলেও জোড়া মেগা বন্ধ হল। শুধু S.I.T বেঙ্গলই নয়, বন্ধ হচ্ছে চ্যানেলের অপর ধারাবাহিক ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’। অগস্ট মাসে লঞ্চ করেছিল জিবাংলা সোনার। সেই চ্যানেলের অন্যতম বড় বাজি ছিল রূপকথার এই মেগা। এই সিরিয়ালের মুখ জলসার কন্য়া ইন্দ্রাণী পাল। যাঁকে দর্শক এতদিন বরণ, নবাব-নন্দিনীর মতো হিট মেগায় দেখেছে।
চ্যানেল বদলে নতুন শুরু করেছিলেন ইন্দ্রাণী। কিন্তু মাত্র ৩ মাসেই বন্ধ হল ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’। এই সিরিয়ালে সিদ্ধার্থ সেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইন্দ্রাণী। তাঁদের রসায়নও ছিল নজরকাড়া। তবে সেভাবে দাগ কাটতে পারেনি এই মেগা।সিরিয়াল শেষ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্য়ায়। চোখে জল, মুখে হাসি নিয়ে শেষদিনের শ্য়ুটিং সারলেন সকলে। অভিনেত্রীর কথায়, ‘কোনওকিছু শেষ হলে মন খারাপ হয়ে যায়, তবে এটাও ঠিক শেষ হলেই নতুন কিছু শুরু হবে…’।জি বাংলা সোনার চ্যানেলের মেগাগুলো সেভাবে নজর কাড়তে পারেনি। তাই একের পর এক মেগা বন্ধ হচ্ছে। আগামিতে ইন্দ্রাণীকে মুখ্য় চ্যানেলে কাজ করতে দেখতে আগ্রহী ভক্তরা।
