যুদ্ধের ময়দানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক যুদ্ধবিমান কিংবা বিপুল সংখ্যক সেনাই কি জয়ের একমাত্র চাবিকাঠি? আধুনিক যুদ্ধের ছবিটা বলছে অন্য কথা। মাত্র ২,৫০০ থেকে ৩,০০০ ডলারের একটি ড্রোন ধ্বংস করতে খরচ করতে হচ্ছে কয়েক লক্ষ, এমনকি ১০ লক্ষ ডলারের ক্ষেপণাস্ত্র। ফলে যুদ্ধের হিসাব বদলে যাচ্ছে। শুধু অস্ত্রের ক্ষমতা নয়, অস্ত্র তৈরির খরচ এবং দ্রুত উৎপাদনের ক্ষমতাও নির্ধারণ করছে যুদ্ধের ফলাফল। আধুনিক যুদ্ধের এই বদলে যাওয়া সমীকরণ নিয়ে ভারতকে সতর্ক করলেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণী। তাঁর মতে, আগামী দিনের যুদ্ধের চরিত্র বদলে দিচ্ছে তিনটি বড় পরিবর্তন।
সোমবার দিল্লিতে সংবাদসংস্থা এএনআই আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি সামিট ৩.০ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিএস। সেখানে আধুনিক যুদ্ধের তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন তিনি। প্রথমত, যুদ্ধের অর্থনীতি বা অস্ত্রের খরচের সমীকরণ। দ্বিতীয়ত, প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা। তৃতীয়ত, যুদ্ধক্ষেত্রের পরিধি ক্রমশ বেড়ে যাওয়া।
একটি ড্রোন ধ্বংস করতে লক্ষ লক্ষ ডলার!
রাজা সুব্রহ্মণীর কথায়, ১০ লক্ষ ডলারের ক্ষেপণাস্ত্র দিয়ে যদি আড়াই থেকে তিন হাজার ডলারের ড্রোন ধ্বংস করতে হয়, তা হলে দীর্ঘমেয়াদে যুদ্ধের অর্থনীতি প্রতিপক্ষের অনুকূলে চলে যাবে। কারণ, কম খরচে বিপুল সংখ্যায় ড্রোন তৈরি করা সম্ভব। অন্যদিকে, অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরি এবং মজুত করতে বিপুল অর্থ ও সময় প্রয়োজন।
উদাহরণ হিসেবে আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই ধরনের ক্ষেপণাস্ত্রের মজুত ফের আগের জায়গায় নিয়ে যেতে কয়েক বছর লেগে যেতে পারে। তাই শুধু অত্যাধুনিক অস্ত্র তৈরি করলেই হবে না। কম খরচে বেশি সংখ্যায় অস্ত্র তৈরির ক্ষমতাও গড়ে তুলতে হবে। বিশেষ করে ড্রোনের মতো সস্তা অস্ত্র মোকাবিলায় সাশ্রয়ী প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি।
