Debaloy-Ankita: গত ১৮ মে পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক হেনস্তার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। এবার অভিনেত্রীকে আইনি নোটিশ ধরালেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার মন্তব্য থেকে যে ঘটনার সূত্রপাত, সেটি এবার ধীরে ধীরে আইনি জটিলতায় পরিণত হচ্ছে।
গত সোমবার সাংবাদিক বৈঠকে অঙ্কিতা দাবি করেছিলেন, একটি পার্টিতে দেবালয় তাঁকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। বিগত তিন বছরের পুরনো সেই ঘটনাকে সামনে নিয়ে এসে তিনি দেবালয়কে দেন আইনি নোটিশ। এবার অঙ্কিতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন পরিচালক।সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, অঙ্কিতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাংবাদিক বৈঠক করা তিন দিন পেরিয়ে গেলেও এখনও নাকি দেবালয় কোনও আইনি নোটিশ পাননি। তবে অঙ্কিতার দ্বারা যে মানহানি হয়েছে তার জন্য দেবালয়ের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে অঙ্কিতাকে।
পরিচালক আরও জানিয়েছেন, অঙ্কিতা যে সমস্ত মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে সবার সামনে ক্ষমা চাইতে হবে তাঁকে। এছাড়াও তিনি দেবালয়ের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন সেগুলিও ডিলিট করে দিতে হবে। অভিনেত্রী যদি এমন না করেন তাহলে মানহানির অভিযোগে মামলা করা হবে এবং তার পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ দিতে হবে অঙ্কিতাকে।
তবে একদিকে যখন দেবালয় বলছেন তিনি কোনও আইনি নোটিশ পাননি তেমন অন্যদিকে অঙ্কিতারও বক্তব্য, তাঁর কাছে এখনও কোনো আইনি নোটিশ আসেনি। তবে এই মুহূর্তে তিনি প্রকাশ্যে কিছুই বলতে চান না। আগামী দিনে সবটাই জানতে পারবেন সকলে।
প্রসঙ্গত, দেবালয়ের সঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করেছিলেন অঙ্কিতা। খুব স্বাভাবিকভাবেই পরিচালকের সঙ্গে অনেক পুরনো সম্পর্ক তাঁর। ঘটনার দিন অঙ্কিতার মনে হয়েছিল যে দেবালয় হয়তো ভুল করে কিছু করে ফেলেছেন পরে ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু পরে মুখোমুখি হলেও যখন দেবালয় অঙ্কিতাকে এড়িয়ে যান তখন অঙ্কিতার মনে হয় যে হয়তো পুরোটাই জেনে বুঝেই করেছিলেন দেবালয়।
খুব সম্প্রতি ফেসবুকে দেবালয় ভট্টাচার্য একটি পোস্ট করেছিলেন যেখানে কমেন্ট বক্সে নিজের সমস্ত ক্ষোভ উগরে দিতে দেখা যায় অঙ্কিতাকে। তবে অঙ্কিতা কমেন্ট বক্সে কমেন্ট করার পরেই সেই পোস্ট ডিলিট করে দেন দেবালয়, ফলে এই ঘটনা আরও বড় আকার ধারণ করে।
