বাংলা টেলিভিশনের পর্দায় বর্তমানে সবচেয়ে চর্চিত বিষয় হলো ‘বিগ বস বাংলা’ এবং তার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ড্যাশিং মহারাজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র ক্ষোভ প্রকাশ! নেটপাড়ার একাংশ তাঁকে ‘ব্যর্থ হোস্ট’ বা ‘সবচেয়ে খারাপ সঞ্চালক’ বলে তোপ দাগছেন। বিশেষ করে শো-এর ভেতরে জীতু কমল বা রাজবীরের মতো দাপুটে প্রতিযোগীদের সামলাতে গিয়ে মহারাজের চরম হিমশিম খাওয়ার দৃশ্য নজর এড়িয়ে যায়নি দর্শকদের।
তবে এই সমালোচনার ঝড়ের মাঝেই নতুন চাল চাললেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি ও ‘প্রিন্স অফ ক্যালকাটা’!
অনিল কাপুরের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ, দিলেন বড় সংকেত!
বলিউড অভিনেতা অনিল কাপুরের নতুন রিয়্যালিটি গেম শো ‘India Ke Top 1%’-এর তুমুল প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৌরভ। শো-এর ওপেনিং উইকএন্ড দেখেই তিনি মুগ্ধ! অনিলের এনার্জি ও প্রেজেন্টেশনের তারিফ করে সৌরভ লেখেন, ‘কোনো রিয়্যালিটি গেম শো-এর অন্যতম সেরা এবং আকর্ষণীয় ওপেনিং উইকএন্ড দেখলাম— India Ke Top 1% (ইন্ডিয়াকে টপ ১%)! মিস্টার অনিল কাপুর কী দুর্দান্ত হোস্ট! তাঁর প্রতিটি পদক্ষেপে যে স্বতঃস্ফূর্ততা আর এনার্জি রয়েছে, তার কোনো তুলনা হয় না। প্রশ্নগুলোও আমাকে পুরো সময় জুড়ে আটকে রেখেছিল… আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিটা উত্তর সঠিকভাবে দিতে পেরেছি! ভারতে এই ধরনের ফরম্যাট প্রথমবার দেখা গেল, যা পরিবার এবং বন্ধুদের সঙ্গে একসাথে বসে খেলা যায়। আগামী উইকএন্ডের জন্য আর অপেক্ষা করতে পারছি না!’
বিগ বস ছেড়ে নতুন গেম শো-এ মহারাজ?
অনিল কাপুরের ওপর সৌরভের এই স্তুতি কেবল সাধারণ প্রশংসা নয়— এর পেছনে রয়েছে এক বিরাট ইঙ্গিত! জোর গুঞ্জন, অনিল কাপুর সঞ্চালিত ‘India Ke Top 1%’-এর যে বাংলা সংস্করণ (Bengali Version) আসতে চলেছে, তার সঞ্চালনার দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই!
মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন,, ‘হ্যাঁ, বিগ বস বাংলা-র পাশাপাশি আমি এই মুহূর্তে আরও একটি অত্যন্ত বড় মাপের আন্তর্জাতিক শো (International Show) নিয়ে কাজ করছি। কুইজ জঁরের। ৩৪ দিন স্টারকে দিতে হবে। ১৫ দিন বিগ বস, ১৭ দিন ওই ইন্টারন্যাশন্য়াল শো। খুব সাম্প্রতিক ওটা আন্তর্জাতিক স্তরে লঞ্চ হয়েছে। সেটা স্টার নিয়ে আসছে যার বাংলা ভার্সনটা আমি সঞ্চালনা করব’।

বিগ বস বাংলার সঞ্চালনা নিয়ে যখন তিনি চতুর্দিক থেকে কটাক্ষের মুখে পড়ছেন, ঠিক সেই সময়েই অনিল কাপুরের শো-এর ধামাকা ফরম্যাট নিয়ে সৌরভের এই উৎসাহ প্রকাশ স্পষ্ট করে দিচ্ছে— বিগ বসের ড্রামা সামলানোর চেয়ে মাইন্ড গেম এবং কুইজ শো-তেই মহারাজ আসল ‘দাদাগিরি’ দেখাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন!