বিগ বস বাংলা দিয়ে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দাদাগিরি-তে যারা সৌরভকে দেখতে অভ্যস্ত ছিলেন, তাঁদের কাছে বিগ বস বাংলা-য় দাদার নতুন রূপ অবাক করার মতোই বটে। এমনকী, ভাইকে দেখে অবাক দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। জানালেন, সৌরভ যে কাওকে বকাঝকা করতে পারেন, তা তিনি ভাবতেও পারছেন না। এমনকী, এর আগে দেখেনওনি রেগে যেতে।
সংবাদমাধ্যমের তরফে স্নেহাশিসের কাছে জানতে চাওয়া হয়, বিগ বস বাংলা দেখছেন কি না! তাতে জবাব আসে, কখনো একা দেখেন আবার কখনো মা নিরূপা গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বসে। আর বেশ ‘উপভোগই’ করেন তাঁরা বিগ বস বাংলা-র এই ‘ঝগড়াঝাঁটি’।
সঙ্গে ভাইয়ের প্রশংসাতেও পঞ্চমুখ স্নেহাশিস। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা নিয়ে বললেন, ‘ও তো সবসময় ন্যাচারাল। যেমন অফ সাইডে ওর ব্যাটিং ন্যাচারাল, তেমনই সঞ্চালনাটাও ভীষণ ন্যাচারাল।’ তবে মহারাজকে রেগে যেতে দেখা, বকাঝকা করতে দেখা ‘বিরল’ বলেই মত তাঁর।
স্নেহাশিসের কথায়, ‘আমাদের কাছে খুব বিরল। আসলে ও যে বকতে পারে কাওকে আমি প্রথমবার দেখলাম বিগ বসে। আমি আজ পর্যন্ত ওকে দেখিনি কাওকে বকতে।’

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় হাতেখড়ি হয়েছিল জি বাংলার দাদাগিরি-র হাত ধরে। প্রায় ১০ বছর সেই শো-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি।কদিন আগে নিজের বিগ বস বাংলার অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বগ বস বাংলার টিম ও ক্রু মেম্বারদের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, ‘গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাওয়ার এই পর্যায়ে, যখন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তখন আমি গভীর কৃতজ্ঞতা ও আনন্দের সঙ্গে এই যাত্রার দিকে ফিরে তাকাচ্ছি। ‘বিগ বস বাংলা’ সঞ্চালনা করাটা ছিল সত্যিই এক চমৎকার অভিজ্ঞতা—যা অবিস্মরণীয় মুহূর্ত, নতুন কিছু শেখা, হাসি-আনন্দ আর দারুণ সব মানুষের সান্নিধ্যে পরিপূর্ণ ছিল। পুরো টিমকে তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং নিরন্তর সমর্থনের জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ।’