কীভাবে নিজেই পড়ে JEE Advanced-তে ‘টপার’ হলেন ভবেশ?

Spread the love

JEE Advanced Topper Bhavesh Patra Tips: জেইই অ্যাডভান্সড পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ২৯ তম স্থান অধিকার করেছেন ভবেশ পাত্র। তিনি ওড়িশার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। একইসঙ্গে আইআইটি ভুবনেশ্বর জোনেরও টপার হিসেবে উঠে এসেছে তাঁর নাম। তাঁর এই অভাবনীয় সাফল্যে পরিবার থেকে শুরু করে পুরো রাজ্য আজ গর্বিত। ভবেশের মোট ৩৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ২৯৩। তবে এই প্রথম নয়, জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় ভবেশের পারফরম্যান্স বরাবরই অসাধারণ।

JEE-Mains পরীক্ষায় ভবেশের ছিল ১০০ পার্সেন্টাইল

এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজিত ‘জেইই মেইন’ (JEE Main 2026)-এর দুটি সেশনেই ১০০ পার্সেন্টাইল স্কোর ছিল ভবেশের। ওড়িশা থেকে তিনিই একমাত্র প্রার্থী ছিলেন, যিনি দুটি সেশনেই এই অভাবনীয় কৃতিত্ব অর্জন করেছিলেন। ভবেশের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে তাঁর প্রস্তুতি কতটা নিখুঁত ছিল। ভবেশের মা জয়শ্রী বেহেরা একজন সরকারি ইঞ্জিনিয়ার এবং বাবা বিশ্বজিৎ পাত্র একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মা-বাবা ভবেশের এই সাফল্যের পিছনে অন্যতম বড় অনুঘটক হিসেবে কাজ করেছে।

সাফল্যের মূল চাবিকাঠি: সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরত্ব

আজকের ডিজিটাল যুগে যেখানে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, সেখানে ভবেশের সাফল্যের মূলমন্ত্র ছিল সম্পূর্ণ বিপরীত। নিজের পড়াশোনার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে গিয়ে ভবেশ জানান, বিগত দুই বছরের কঠোর শৃঙ্খলা এবং একনিষ্ঠ ধারাবাহিকতাই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।

অন্যান্য পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এক বিশেষ পরামর্শ দিয়ে ভবেশ বলেন, ‘যে কোনও বড় পরীক্ষার প্রস্তুতির জন্য ধারাবাহিকতা সবচেয়ে বেশি জরুরি। আমি আমার প্রস্তুতির পুরো সফরে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছিলাম। এটি আমার মনোযোগ ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করেছিল। আমি শুধু শিক্ষক ও মেন্টরদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম, তাও অত্যন্ত সীমিত সময়ের জন্য।’

রোজ ১০ ঘণ্টার সেলফ স্টাডি ও ভবিষ্যৎ লক্ষ্য

কোচিং বা স্কুলের ক্লাস করার বাইরেও ভবেশ প্রতিদিন নিয়ম করে কমপক্ষে ১০ ঘণ্টা নিজের পড়াশোনা বা সেলফ স্টাডির জন্য বরাদ্দ রাখতেন। কোনও ফাঁকিবাজি না করে প্রতিদিনের লক্ষ্য প্রতিদিন পূরণ করাই ছিল তাঁর স্বভাব। ভবেশের পরবর্তী লক্ষ্য এখন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বম্বে। সেখান থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি অর্জন করতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *