কুয়ালালামপুরে ৩ দিনের ‘লকডাউন’

Spread the love

আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর মালয়েশিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন উপলক্ষে কুয়ালালামপুর সিটি সেন্টার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং নিরাপত্তার বিষয়ে কোনো আপস করবে না পুলিশ।মঙ্গলবার (১৪ অক্টোবর) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহমাদ হাসান এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে দেশজুড়ে ১৬ হাজার পুলিশ মোতায়েন করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হবে। বিশেষ করে কুয়ালালামপুরের সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে পুলিশ সদস্যদের ডাকা হবে যান চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

তিনি জোর দিয়ে বলেন, ‘কুয়ালালামপুর সিটি সেন্টার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং নিরাপত্তার বিষয়ে পুলিশ কোনো আপস করবে না।’ এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও যোগ দেয়ার কথা রয়েছে, তবে তার উপস্থিতির নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। 

এছাড়াও ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ অন্যান্য বিশ্বনেতারা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে উপস্থিত থাকবেন। সাইপ্রাস এবং ফিনল্যান্ড আসিয়ানের নতুন ডায়ালগ পার্টনার হতে পারে বলেও আশা করা হচ্ছে।

এদিকে সম্মেলন চলাকালে কুয়ালালামপুরের জনজীবনে ব্যাপক প্রভাব পড়ার খবর পাওয়া গেছে। সিটি সেন্টার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্বের মধ্যে কর্মরত সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে এবং প্রায় ৭০টি স্কুলকে অনলাইন ক্লাস পদ্ধতিতে যেতে বলা হয়েছে।

কুয়ালালামপুর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার জানিয়েছে, ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও হাইওয়ে ধাপে ধাপে বন্ধ রাখা হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কনভয়ের চলাচলের জন্য ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য রাস্তা বন্ধ করা হবে। এই সময়ে ওই এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।

প্রয়োজনে এমআরটি, এলআরটি, মনোরেল বা বাসের মতো গণপরিবহন ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে। সম্মেলনের পিক আওয়ারে ভারী যানবাহনগুলোকে সিটি সেন্টারে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *