গাজায় বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা! নিহত ৫

Spread the love

গাজায় বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র জানায়, এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে, গাজাগামী একটি ফ্লোটিলা থেকে আটক শতাধিক কর্মী তুরস্কে পৌঁছেছেন। তারা অভিযোগ করেছেন, আটক অবস্থায় তাদের ওপর নির্যাতন ও দুর্ব্যবহার করা হয়েছে।

যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজাজুড়ে থেমে নেই হামলা ও পাল্টা আক্রমণ। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এলাকাটি বর্তমানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বৃহস্পতিবার রাত থেকে আলাদা হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশু রয়েছে। মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে, নিরাপদ আশ্রয়েও এখন মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।ইসরাইল বলছে, তারা হামাসের অবস্থান লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে। তবে বেসামরিক হতাহতের ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

এদিকে, গাজাগামী একটি ফ্লোটিলা থেকে আটক শতাধিক কর্মী বৃহস্পতিবার তুরস্কে পৌঁছেছেন। তারা অভিযোগ করেছেন, আটক অবস্থায় তাদের ওপর নির্যাতন ও দুর্ব্যবহার করা হয়েছে। অনেকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এর আগে আন্তর্জাতিক জলসীমায় নৌযান আটক করার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ। তবে ইসরাইল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

অন্যদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ পরিকল্পনা কার্যত স্থবির হয়ে পড়েছে। জাতিসংঘে তার বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ সতর্ক করে বলেন, গাজা বিভক্ত হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। জানান, হামাস অস্ত্র না ছাড়লে পুনর্গঠন ও অর্থায়ন কার্যত অসম্ভব হয়ে যাবে।

হামাস এই মন্তব্য প্রত্যাখ্যান করে জানায়, এটি দখলদার বাহিনীর আগ্রাসন ও অবরোধ আরও কঠোর করার ‘অজুহাত তৈরির চেষ্টা’। মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতির আশ্বাস থাকলেও গাজায় ত্রাণ প্রবেশ এখনো সীমিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *