গাজা অভিমুখে আবারও যাত্রা শুরু করল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

Spread the love

গাজা অভিমুখে ৭০টিরও বেশি জাহাজ নিয়ে আবারও যাত্রা শুরু করেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী এতে অংশ নিয়েছেন। এদিকে, ইসরাইলের অব্যাহত হামলায় উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা।

স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে এবার ৭০টিরও বেশি জাহাজ যাত্রা করছে। আয়োজকদের দাবি, এটি ইসরাইলের অবরোধ ভাঙতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বেসামরিক সামুদ্রিক উদ্যোগ।

৭০ দেশের প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন সুমুদ ফ্লোটিলায়। প্রতিকূল আবহাওয়ার কারণে ধাপে ধাপে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পরিকল্পনা আছে বলেও জানান আয়োজকরা। 

তারা বলেন, ‘শান্তি কেবল স্থিতিশীল সময়ের বিলাসিতা নয়, এটি পৃথিবীর টিকে থাকার মৌলিক শর্ত। আমরা একে অপরকে আঘাত করতে ব্যস্ত থাকলে এই গ্রহকে সুস্থ করা সম্ভব নয়। জলবায়ু ন্যায়বিচার দাবি করা মানে যুদ্ধের যন্ত্রণা ও ধ্বংসযজ্ঞের অবসান দাবি করা।’

গত বছরের অক্টোবরে একই সংস্থার একত্রিত করা প্রায় ৪০টি নৌকা অবরুদ্ধ গাজায় পৌঁছানোর চেষ্টা করলে, ইসরাইলি সামরিক বাহিনী বাধা দেয় এবং সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে গ্রেফতার করে।

ইসরাইলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা এম এস এফ বলছে, যুদ্ধবিরতির ছয় মাস পরও সহিংসতা থামেনি, বরং স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। ২০২৫ সালের অক্টোবরের পর থেকে ৭শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারো মানুষ।

চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, এমনকি ইনসুলিনের ঘাটতি চরমে; হাজার হাজার রোগী প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলেও জানায় সংস্থাটি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *