চাকরি চাই বিরাট কোহলির! ৩৭ বছরে LinkedIn-তে খুললেন অ্যাকাউন্ট

Spread the love

Virat Kohli Latest Update: লিঙ্কডইনে ‘অভিষেক’ হল বিরাট কোহলির। সাধারণত চাকরি খোঁজার জন্য যে প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়, সেখানে ভারতীয় তারকা ক্রিকেটার যুক্ত হলেন। আর তাঁর প্রথম পোস্টেই নিজের লক্ষ্যমাত্রা, নিজের দৃষ্টিভঙ্গি এবং নিজের ব্র্যান্ডের বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন বিরাট। যিনি বিনিয়োগকারী হিসেবে অ্যাজিলিটাসে যোগ দিয়েছেন। আর নিজস্ব ব্র্যান্ড ওয়ান৮ওয়ার্ল্ডের সহ-প্রতিষ্ঠাতা। যে ব্র্যান্ডের সঙ্গে স্মৃতি মন্ধানার মতো তারকা অ্যাথলিটরা যুক্ত হয়ে গিয়েছেন। বিরাটের ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন ভারতের অধিনায়ক।

‘বিশ্বমঞ্চের জন্য অ্যাথলিট, বিশ্বমঞ্চের জন্য ব্র্যান্ড তৈরি ভারতের’

সেই রেশ ধরে নিজের প্রথম লিঙ্কডইন পোস্টে বিরাট বলেছেন, ‘আমি সবসময় এমন একটা ভারত দেখতে চেয়েছি, যেখানে প্রতিটি খেলাধুলো গুরুত্ব সহকারে দেখা হয়। আর নয়া প্রজন্ম প্রমাণ করছে যে ভারত বিশ্বমানের অ্যাথলিট তৈরি করতে পারে এবং বিশ্বমঞ্চের জন্য ব্র্যান্ড তৈরি করতে পারে। আমার লক্ষ্য হল, এমন একটি পূর্ণাঙ্গ ক্রীড়া প্ল্যাটফর্ম গড়ে তোলা; যা (ক্রীড়া সামগ্রী) উৎপাদন, ব্র্যান্ড তৈরি থেকে শুরু করে পুরোটা ছড়িয়ে দেওয়ার কাজ করবে। এটা এমন একটি বিশ্বাস থেকে তৈরি করা হয়েছে যে ভারত শুধুমাত্র বিশ্বমঞ্চের বিভিন্ন ক্রীড়াক্ষেত্র অংশগ্রহণ করবে না, বরং বিশ্বের খেলাধুলোর ভবিষ্যতের রাস্তা তৈরিতেও সাহায্য করবে।’

‘কেরিয়ারে যেটা করে এসেছি, এখনও সেটাই করতে চাই’

বিষয়টি আরও ব্যাখ্যা করে বিরাট বলেছেন, ‘ঠিক এই কারণে বিনিয়োগকারী হিসেবে অ্যাজিলিটাস এবং ওয়ান৮ওয়ার্ল্ডের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত হয়েছি। ওয়ান৮ গড়ে উঠেছে এমন এক বিশ্বাসের উপর ভিত্তি করে, যা আমি আমার পুরো পেশাদার জীবনে পালন করে এসেছি – গণ্ডি ছাড়িয়ে যাওয়া, মানদণ্ড উঁচুতে নিয়ে যাওয়া এবং ভিন্নভাবে কিছু করে দেখানোর সাহসের মধ্যে দিয়েই অগ্রগতি বা সাফল্য আসে।’

২০২৭ সালের বিশ্বকাপের দিকে পাখির চোখ বিরাটের

এমনিতে নিজের ব্র্যান্ড গড়ে তোলার মধ্যেই বিরাট ফোকাস করছেন ২০২৭ সালের বিশ্বকাপের দিকে। ইতিমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট এবং টেস্ট থেকে অবসর নিয়ে শুধুমাত্র ৫০ ওভারের ক্রিকেট খেলছেন। ফলে ম্যাচের চাপ তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে প্রস্তুতিতে খামতি রাখছেন না ভারতের তারকা ক্রিকেটার। বরং ২০২৭ সালের বিশ্বকাপ জেতার জন্য যে মরিয়া হয়ে ঝাঁপাচ্ছেন, তা স্পষ্ট করে দিয়েছেন।

২০২৩ সালের বিশ্বকাপের স্বপ্নভঙ্গের পরে বিরাট বলেন, ‘এবার বিদেশি পরিবেশে খেলা হবে। যা আপনার থেকে অনেক কিছু নিংড়ে নেয়। ভারতের হয়ে আমি এটাই শেষ বিশ্বকাপ খেলব। সেটাই আমার সবথেকে বড় অনুপ্রেরণা বা মোটিভেশন। মানে মাঠে নিজের সবকিছু উজাড় করে দেওয়া হয়। আর অবশ্যই আসল লক্ষ্যটা হল বিশ্বকাপ জেতা। সেটার জন্য যা কিছু করতে হয়, তা করতে আমি পুরোপুরি তৈরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *