স্টার জলসার আসন্ন মেগা ‘গঙ্গা’র স্লট ঘোষণা হতেই টেলিপাড়ায় জোর চর্চা। সাহেব ভট্টাচার্য এবং হিয়া মুখোপাধ্যায়ের নতুন এই ধারাবাহিকটি ঠিক কোন সময়ে আসবে, তা নিয়ে দীর্ঘ জল্পনা ছিল। অবশেষে চ্যানেল জানাল, আগামী ১০ই মার্চ থেকে প্রতিদিন রাত ৯টায় দেখা যাবে ‘গঙ্গা’। আর এই বড় রদবদলের কারণে সরতে হচ্ছে অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায় অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’কে।
শেষ হচ্ছে না কলমিনী-নতুনের রসায়ন:
রাত ৯টার স্লট ‘গঙ্গা’র দখলে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন হয়তো বন্ধ হয়ে যাচ্ছে ‘চিরসখা’। কিন্তু চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কলমিনী আর নতুনের এই মিষ্টি প্রেমের গল্প এখনই ফুরিয়ে যাচ্ছে না। ১০ই মার্চ থেকে ‘চিরসখা’ দেখা যাবে রাত ১০টার স্লটে। অর্থাৎ প্রাইম টাইম থেকে সরে গিয়ে এবার রাত দখল করতে হবে অপরাজিতা-সুদীপ জুটিকে। একইসঙ্গে দীর্ঘদিন পর ৪৫ মিনিটের স্লট বন্ধ করছে স্টার জলসা।
১০ তারিখ থেকে রাত ৯টায় দেখা যাবে গঙ্গা। সাড়ে ৯টায় থাকছে মিলন হবে কতদিনে। ১০টার স্লটে আসছে চিরসখা। অন্যদিকে শেষ হচ্ছে শুভবিবাহ। আর গৃহপ্রবেশকে ঠেলে দেওয়া হচ্ছে রাত ১০.৩০টার স্লটে।
পরিণত প্রেমের আবেদন বনাম নতুন কেমিস্ট্রি:
‘চিরসখা’ ধারাবাহিকে সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে অপরাজিতার রসায়ন শুরু থেকেই হিট। কলমিনী ও নতুনের সম্পর্কের সমীকরণ দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন পর সাহেবের কামব্যাক এবং হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটিকে রাত ৯টায় নিয়ে এসে চ্যানেল বড়সড় বাজি ধরেছে। গঙ্গা পাড়ের প্রেক্ষাপটে এই নতুন গল্প দর্শকদের কতটা টানতে পারে, তা নিয়ে এখন থেকেই উৎসাহ তুঙ্গে।

গঙ্গার লড়াই বনাম অর্জুনের ডিউটি:
‘গীতা এলএলবি’-র সেই লড়াকু ইমেজ ঝেড়ে ফেলে হিয়া এবার গঙ্গার ঘাটে পয়সা কুড়ানো প্রাণোচ্ছ্বল মেয়ে। যাঁর জীবন চলে নদীর বুক থেকে ডুব দিয়ে খুচরো পয়সা কুড়িয়ে। পেটের টান আর গঙ্গার ঢেউ— এই তাঁর চেনা জগত। ঠিক উল্টো দিকে সাহেব ভট্টাচার্য ওরফে ‘অর্জুন’। এক স্বচ্ছল পরিবারের সৎ এবং কঠোর পুলিশ অফিসার। যাঁর লক্ষ্য একটাই, শহর থেকে দুষ্কৃতী সাফ করা। প্রোমোতে সাহেবের সেই নির্লিপ্ত স্বীকারোক্তি নজর কেড়েছে দর্শকদের— ‘আমার জীবনে কোনও রং নেই। শুধু ডিউটিটাই আছে।’
টিআরপি-র নতুন সমীকরণ:
রাত ১০টার স্লটে গিয়ে ‘চিরসখা’ কতটা বাজিমাত করতে পারে, তা নিয়ে সংশয় থাকলেও অপরাজিতা-ভক্তরা কিন্তু আশাবাদী। অন্যদিকে, সাহেবের ‘গঙ্গা’কে লড়াই করতে হবে অন্য চ্যানেলের হেভিওয়েট সব মেগার সঙ্গে।
১০ই মার্চ থেকে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হচ্ছে এক নতুন পরীক্ষা। একদিকে নতুন জুটির অভিষেক, অন্যদিকে পুরনো চাল ভাতে বাড়ার মতো অপরাজিতাদের টিকিয়ে রাখার লড়াই।