রবিবার তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কীভাবে জলে ডুবে গেলেন তিনি? তা নিয়ে শ্যুটিং ফ্লোরের নিরাপত্তার অভাব, অব্যবস্থা, গাফিলতির নানা কথা উঠে আসছে বারবার। এর মাঝেই তাঁর শেষ মেগার সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রর একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাঁর সেই ভিডিয়ো রাহুলের মৃত্যু রহস্যকে আরও কিছুটা উস্কে দেয়। তবে সেই ভিডিয়োর পর আর শ্বেতার কোন পোস্ট বা ভিডিয়ো প্রকাশ্য আসেনি। এবার অবশেষ রাহুলের মৃত্যুতে পোস্ট করলেন নায়িকা।
মঙ্গলবার শ্বেতা একটি পোস্ট শেয়ার করেন। সেখানে রাহুলের সঙ্গে তাঁর মেগার একটি মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে নায়িকা লেখেন, ‘ভালো থেকো…’। তাঁর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই রাহুল-অনুরাগীদের নানা মন্তব্য ভরিয়ে দেন কমেন্ট বক্স। সকলেই নায়িকাকে সত্যি ঘটনা সামনে আনার জন্য আবেদন করেন।একজন লেখেন, ‘দয়া করে সত্যিটা বলো। মনে রেখো কেরিয়ারের থেকেও অনেক বড় সৎ থাকা। নিজের কাছে সৎ থাকা। যাতে আয়নার সামনে নিজের চোখে চোখ রেখে কথা বলতে অসুবিধা না হয়। তুমি সব জানো। প্লিজ সত্যিটা যেখানে বলা দরকার সেখানে বলো।’
আর একজন লেখেন, ‘সত্যিটা বলো আমাদের সকলের জানাটা দরকার। এত ভালো একজন অভিনেতা, লেখক, ভালো মনের মানুষ এভাবে চলে গেলেন। জাস্ট ভাবা যায় না।’ এক নেটিজেন লেখেন, ‘সেদিন কী হয়েছিল লাইভে এসে বলুন। আপনার একটা ভিডিয়ো দেখেছি। আপনি এসে বললেন দু’জনেই পড়ে গিয়েছিলেন। তাহলে আপনাকে বাঁচানো হল আর রাহুলদাকে বাঁচানো হল না কেন? আপনাকে দেখে বোঝা যাচ্ছিল আপনি খুব শক ছিলেন, কিছু বলতে চাইছিলেন। প্লিজ যা জানেন সত্যিটা বলুন। এত মর্মান্তিক ভাবে রাহুলদা চলে গেলেন অকালে। রাহুলদার আত্মার শান্তি ও জাস্টিসের জন্য বলুন।’

আর একজন লেখেন, ‘তদন্ততে প্লিজ সাহায্য করুন। সঠিক দোষীরা শাস্তি পাক। আপনি সবচাইতে কাছে ছিলেন। সেই মুহূর্তকে দেখেছেন। প্লিজ কারোর ভয়ে কিছু লুকোবেন না। সত্যি সামনে এলে অনেকের প্রাণ বাঁচবে আগামীতে। অনুরোধ রইলো।’ অন্য একজন লেখেন, ‘এসব ভালো থেকো খারাপ থেকো না করে, কী হয়েছিল ঠিক সেটা পুলিশকে জানান। এক মাত্র আপনি যে সব জানেন। আপনাকে বাঁচাতে গিয়ে যদি তাঁর প্রাণ যায়, আপনি বেঁচে থেকে এটুকু ওঁর জন্য করবেন আশা করছি।’