জুনেই দ্বিগুণ হচ্ছে বার্ধক্য-প্রতিবন্ধী ও বিধবা ভাতা! বাধ্যতামূলক হল হেলমেট

Spread the love

Old Age Pension: ১০০০ টাকা থেকে এক ধাক্কায় বেড়ে ২০০০ টাকা! ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের পর এবার রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অক্ষম এবং স্বামীহারা মহিলাদের জন্য বড় ঘোষণা করল বিজেপি সরকার। জানানো হয়েছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ এক লাফে দ্বিগুণ করা হচ্ছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল, পূর্বতন সরকারের চালু করা বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প বা ভাতাগুলির ভবিষ্যৎ কী হবে? সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার মানবিক প্রকল্পের ক্ষেত্রে বড় ঘোষণা করল প্রশাসন। ফলে আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষের মুখে আরও চওড়া হল হাসি।

বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা

নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মেনেই এই পদক্ষেপ নিল রাজ্যের নতুন সরকার। আগে এই তিনটি প্রকল্পের অধীনে উপভোক্তারা মাসে ১০০০ টাকা করে পেতেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নয়া ঘোষণায় এখন থেকে সেই ভাতার পরিমাণ বেড়ে হলো ২০০০ টাকা। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর সূত্রে খবর, আগামী জুন মাস থেকেই বর্ধিত হারে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে। রাজ্যের নারী, শিশুকল্যাণ দফতরের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তাঁর দফতরই বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলেও জানা গিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ঘোষণার পর এটিকে নতুন সরকারের আরও একটি বড় সামাজিক সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যে বার্ধক্য ভাতা আগে থেকেই চালু ছিল। পূর্বতন সরকারের আমলে মহিলারা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের অধীনে মাসে এক হাজার টাকা করে পেতেন। ভোটের আগে অর্থের পরিমাণ বাড়িয়ে করা হয় ১৫০০ টাকা। তফসিলি জাতি-জনজাতির মহিলাদের ক্ষেত্রে ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৭০০ টাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সুবিধা পাবেন। যাঁদের ৬০ বছর পেরিয়ে যাবে, তাঁরা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। ওই একই পরিমাণ টাকা বার্ধক্য ভাতা হিসাবে পাবেন। কিন্তু এক্ষেত্রে বিতর্ক ছিল। ভোটের মুখে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর অর্থবৃদ্ধি করা হলেও বার্ধক্য ভাতার কথা উল্লেখ করা হয়নি আলাদা করে। ওই বর্ধিত অর্থ ষাটোর্ধ্ব মহিলারা পাবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমনকী, বিজেপির তরফে রাজ্য সরকারের কাছে সেই প্রশ্নও করা হয়েছিল। সদুত্তর মেলেনি। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। আর তারপরেই বার্ধক্য ভাতা সংক্রান্ত বিভ্রান্তিও দূর করা হচ্ছে।

নির্বাচনী প্রচারের সময় থেকেই বিজেপির নেতা-কর্মীরা অভিযোগ তুলেছিলেন যে, পূর্বতন সরকারের দেওয়া ভাতার টাকায় বর্তমান সময়ে সংসার চালানো অসম্ভব। সেই সময় তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে এই আর্থিক সাহায্য বাড়ানো হবে। মূলত মহিলা ভোট ও সামাজিক সুরক্ষা বলয় মজবুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই তৃণমূল সরকারের আমলের ‘লক্ষ্মীর ভান্ডার’-এর পাল্টা হিসেবে মাসে ৩০০০ টাকার ‘অন্নপূর্ণা ভান্ডার’ চালুর কথা জানিয়েছে বিজেপি সরকার। তার রেশ কাটতে না কাটতেই বাকি সামাজিক ভাতাগুলো দ্বিগুণ করার সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যাঁরা প্রকৃতই দুঃস্থ এবং এই ভাতার ওপর নির্ভরশীল, তাঁদের কাছে সরকারের এই ‘কল্পতরু’ অবতার স্বস্তি নিয়ে আসবে।

হেলমেট ছাড়া বাইক চালালে কড়া পদক্ষেপ

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ । এবার আর শুধু মৌখিক আশ্বাস নয়, বরং মাঠের লড়াইয়ে নেমে কাজ করার জন্য একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে পুলিশের অন্দরে। এডিজি (আইনশৃঙ্খলা) রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার (কলকাতা বাদে), জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশ সুপারদের এই বিশেষ পাঁচ দফার নির্দেশিকা পাঠিয়েছেন। যেখানে ট্রাফিক আইন থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা – সব ক্ষেত্রেই এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ প্রশাসন। আর সেখানেই বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যমূলক করতে বিশেষ অভিযান চালাতে হবে। ট্র্যাফিক বিভাগ ও থানাগুলিকে যৌথভাবে অভিযান চালাতে বলা হয়েছে। এডিজি ট্র্যাফিক নিয়মিত রিপোর্ট সংগ্রহ করবেন। নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, হেলমেট ছাড়া কেউ যাতে বাইক না চালান, তা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *