টলিপাড়ার সাংগঠনিক জট কাটাতে নির্বাচনের পথে মিঠুন

Spread the love

টলিপাড়ার একাধিক সংগঠনকে ঘিরে তৈরি হওয়া জটিলতা মেটাতে এবার সক্রিয় হলেন শিল্পী ও কলাকুশলীদের একাংশ। সোমবার, ১৭ অগস্ট নন্দনে টেকনিশিয়ানদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তাঁরা। মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় এবং জিৎ ছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের বেশ কয়েকজন শিল্পী ও কলাকুশলী। মূল লক্ষ্য, দীর্ঘদিনের সাংগঠনিক সমস্যা মিটিয়ে ফের স্বাভাবিক পরিবেশে কাজ শুরু করা।

ইম্পা, ফেডারেশন এবং বিভিন্ন গিল্ডকে কেন্দ্র করে গত কয়েক মাসে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। পিয়া সেনগুপ্তের সরে যাওয়া থেকে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি, পাশাপাশি ২৬টি গিল্ডের নেতৃত্ব নিয়ে টানাপড়েন—সব মিলিয়ে টলিপাড়ার সংগঠনগুলির পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটেই নন্দনের বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে গিল্ডগুলির নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মিঠুন। তিনি জানান, গিল্ডগুলির নির্বাচন না হওয়া পর্যন্ত ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার পুনর্গঠন নিয়ে কোনও পদক্ষেপ করা হবে না। আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর গিল্ডগুলির নির্বাচন হতে পারে বলেও জানানো হয়েছে।

সদস্যদের পরিচয়পত্র নিয়েও বৈঠকে কড়া বার্তা দেওয়া হয়। প্রত্যেক সদস্যের কাছে সংগঠনের বৈধ কার্ড থাকা আবশ্যক। কার্ড না থাকলে কাজ পাওয়া বা কাজের ক্ষেত্রে ভবিষ্যতে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

সংগঠনগুলির নেতৃত্ব নিয়ে চলা বিতর্কের স্থায়ী সমাধান হিসেবে নির্বাচনের উপরেই জোর দিয়েছেন মিঠুন। একইসঙ্গে ইম্পার সঙ্গেও আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি। সেই আলোচনার পর সংগঠনগুলির ভবিষ্যৎ কাঠামো, নির্বাচন এবং সভাপতির ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

টলিপাড়ার সংগঠনগুলিকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। মিঠুনের বক্তব্য, নির্বাচন হলে তা হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে। নির্বাচন না হওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়ার উপর নজর রাখার কথাও জানান তিনি। সংগঠনের ভিতরে কোনও অনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মেলে।

বৈঠক নিয়ে ইতিবাচক জিৎও। তাঁর মতে, টলিউডের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদী। এখন তাই টলিপাড়ার নজর ৩১ অক্টোবর ও ১ নভেম্বরের দিকে। গিল্ডগুলির নির্বাচন শেষ হলে ২৬টি গিল্ডের নেতৃত্ব এবং ফেডারেশন-সহ অন্যান্য সংগঠনের ভবিষ্যৎ কাঠামো কোন পথে এগোয়, তা আরও স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *