‘ঠাকুরকে বলতাম আমায় বের করে দাও’

Spread the love

গত রবিবার বিগ বসের বাড়ি থেকে বাদ হয়েছেন সায়ক। বিগ বসের ঘরে সায়ক এমন একজন প্রতিযোগী ছিলেন যিনি হয়ত প্রথম থেকেই জানতেন যে তিনি খুব তাড়াতাড়ি বাদ হয়ে যাবেন এই খেলা থেকে। সোশ্যাল মিডিয়ায় সায়ককে যতটা উচ্ছ্বাসের সঙ্গে কথা বলতে দেখা যায়, বিগ বসের ঘরে একদম অন্যরকম সায়ককে দেখেছিল দর্শকরা। সব সময় চুপচাপ, নিজের মধ্যেই থাকতেন তিনি। তবে বিগ বসের ঘর থেকে বেরিয়ে মুম্বই থেকেই প্রথম ভিডিও পোস্ট করলেন সায়ক।

সায়ক জানান, তিনি প্রথমে ভীষণ স্ট্রং থাকলেও পরে ধীরে ধীরে তিনি একটা অদ্ভুত আত্মগ্লানিতে ভুগতেন। যেহেতু তাঁর মায়ের ভীষণ শরীর খারাপ তাই মাকে ছেড়ে থাকতে কিছুতেই মন চাইত না তাঁর। সব সময় মনে হত, অসুস্থতার সময় মায়ের পাশে না থেকে তিনি ভুল করছেন। প্রতিনিয়ত একটা আত্মগ্লানিতে ভুগতেন তিনি।

সায়কের কথায়, ভিডিওতে তিনি অনর্গল কথা বলতে পারেন কারণ এটা তাঁর কমফোর্ট জোন। তবে একটা নির্দিষ্ট কারণে মাথা গরম হয়ে কিছু বলা আর প্রতিনিয়ত সকলের সঙ্গে ঝগড়া করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে মনে করেন তিনি। বিগ বসের ঘর সম্পর্ক বানানোর জায়গা নয় ঠিকই কিন্তু তিনি কোথাও না কোথাও সকলের সঙ্গে সম্পর্ক বানিয়ে ফেলেছেন।সায়ক বলেন, ‘আমি রুটি তৈরি করা শিখেছি। আমি খাবার তৈরি করতে শিখেছি। আমি বুঝেছি রুটি করতে মায়ের কতটা কষ্ট হয়। এবার থেকে প্রতিদিন মায়ের সঙ্গে রুটি তৈরি করব আমি। ওখানে আমার সঙ্গে এমন কিছু হয়নি যার জন্য আমাকে ঝগড়া করতে হবে। আমি যেটুকু ছিলাম নিজে কাজ করে খেয়েছি। অন্যকে খাইয়েছি। ভীষণ ভালো লেগেছে আমার।’

শেষে তিনি জানান, তনুশ্রী থেকে দুর্নিবার যারা সন্তানের জন্য চিন্তা করছেন তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে তিনি খবর নিয়ে আসবেন। তবে তিনি সকলের প্রত্যাশা মতে বিগ বসের ঘরে খেলতে পারেননি বলে সকলের থেকে ক্ষমা চেয়ে নেন। সায়ক এক কথায় স্বীকার করেন, বিগ বসের ঘরে থাকতে গেলে যতটা মনের দরকার, সেটা তার নেই। তবে আগামী দিনে তিনি বিগ বস দেখবেন এবং প্রত্যেককে সাপোর্ট করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *