‘তোমরা সবাই ওকে বিরক্ত কর… ‘

Spread the love

খুব সম্প্রতি মুক্তি পেয়েছে প্রজাপতি ২ ছবির গান, যে গানে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। জিৎ এবং দেবের সম্পর্ক বহু বছরের পুরনো। টলিউডকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তবে এবার দেবের বাড়িতে হানা দেওয়ার হুমকি দিলেন জিৎ। কেন? হঠাৎ কি হল দুই তারকার মধ্যে?

না, ব্যাপারটা যতটা গুরুতর মনে করা হচ্ছে ঠিক ততটা কিন্তু গুরুতর নয়। সম্প্রতি প্রজাপতি নিয়ে কিছু কথা বলতে বলায় জিৎ গঙ্গোপাধ্যায় তুলে ধরেন দেবের বিয়ের প্রসঙ্গ। দেবকে তিনি নিজের ভাইয়ের মতো দেখেন, তাই ভাইয়ের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তিনি।

জি বাংলার সারেগামাপা – এর শুটিং এর ফাঁকে প্রজাপতি নিয়ে কিছু বলতে বলায় জিৎ বলেন, ‘আমি এই মুহূর্তে চাই দেবের গায়ে অনেক প্রজাপতি বসুক। আমার ভাইয়ের বিয়ে নিয়ে আমি ভীষণ চিন্তিত। আমি চাই এবার আমার ভাইয়ের বিয়েটা হোক। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মিলে ওকে বিরক্ত করতে শুরু করো। সবাই মিলে জানতে চাও যে ও কবে বিয়ে করবে?’

জিৎ আরও বলেন, ‘আমি কিন্তু সবাইকে ওর ঠিকানা পাঠিয়ে দেব ও যদি বিয়ে না করে। সবাই মিলে ওর বাড়িতে হানা দাও। আমি নিজে গিয়ে ওর বাড়িতে প্রজাপতি ছেড়ে দিয়ে আসবো। আমি চাই এবার দেবের গায়ে প্রজাপতি বসুক। এবার অন্তত ওর বিয়েটা হোক।’

প্রসঙ্গত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দেব। তবে দীর্ঘসময় একে অপরের সঙ্গে থাকার পরেও এখনও বিয়ে নিয়ে কিছু ভাববেন না অভিনেতা। তবে যখন টলিউডের প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর বিয়ে হয়ে গিয়েছে বা সন্তান হয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে দেবের এখনও কেন বিয়ে হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে।

যদিও বিয়ে নিয়ে প্রশ্ন করতেই দেব বারবার বলেন তিনি এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। আপাতত নিজের কেরিয়ার নিয়েই চিন্তাভাবনা করছেন তিনি। তিনি রুক্মিণীকেও এগিয়ে নিয়ে যেতে চান। তাই এখনও বিয়ে নিয়ে কোনও প্ল্যানিং নেই অভিনেতার, কিন্তু দেবের শুভাকাঙ্ক্ষীরা চান এবার অন্তত বিয়ের পিঁড়িতে বসুক দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *