দল শোকজ করল গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে

Spread the love

বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে ‘মাসতুতো ভাই’ বলে কটাক্ষ। দলেরই কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের পরিচিত মুখ সুকান্ত মজুমদারকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য। আর সেই মন্তব্যের জেরেই এবার দলের শাস্তির মুখে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং রাজ্য নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ নেতাকে অপমান করার অভিযোগে তাঁকে শোকজ করেছে বিজেপি। আগামী সাত দিনের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি ফেসবুকে একটি লাইভ ভিডিও করেন গঙ্গারামপুরের বিধায়ক। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা বিপ্লব মিত্রকে নিশানা করেন তিনি। বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের কয়েকজন ক্ষমতাচ্যুত নেতার সঙ্গে সুকান্ত মজুমদারের ‘মাখো মাখো’ সম্পর্ক রয়েছে। তাঁর বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা।

শুধু ফেসবুক লাইভেই নয়, বিভিন্ন সংবাদমাধ্যমের সামনেও একই ধরনের মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে সত্যেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। এর পরেই বিষয়টি নিয়ে সরব হয় বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, বিধায়কের মন্তব্যের বিষয়টি জানিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ পাঠানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এবার রাজ্য নেতৃত্ব পদক্ষেপ করল।

বুধবার বিকেলে গঙ্গারামপুরের বিজেপি বিধায়কের কাছে শোকজের চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়েছে, বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশ এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। দলীয় সূত্রে খবর, সত্যেন্দ্রনাথ রায়ের বক্তব্যকে দলের ভাবমূর্তি এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করেছে রাজ্য নেতৃত্ব।

শোকজ নোটিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আগামী সাত দিনের মধ্যে তাঁকে উপযুক্ত জবাব দিতে হবে। তাঁর বক্তব্যের ব্যাখ্যা কী, কেন তিনি ওই ধরনের মন্তব্য করেছেন এবং দলীয় অবস্থানকে পাশ কাটিয়ে প্রকাশ্যে এমন অভিযোগ তোলার কারণ কী—মূলত সেই বিষয়গুলিই জানতে চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিজেপির অন্দরে বিধায়কের মন্তব্য নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলেও খবর। বিশেষ করে দলের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। বিরোধী দলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করা এক জিনিস, কিন্তু দলেরই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে প্রকাশ্য মন্তব্য করা দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলে দিয়েছে বলে বিজেপি সূত্রের দাবি।

অন্যদিকে, ‘বিজেপি ও তৃণমূলের নেতা মাসতুতো ভাই’—এই ধরনের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। বিজেপি বরাবরই তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের কথা বলে। সেই দলেরই একজন বিধায়কের মুখে দুই দলের নেতাদের ঘনিষ্ঠতার অভিযোগ প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *