পুজোর বাংলা সিনেমা নিয়ে বরাবরই উত্তেজনা চরমে থাকে বাঙালিদের। ঠাকুরদেখার ফাঁকে শরীর আর পা-কে একটু বিশ্রাম দিতে, সিনেমাহলের থেকে ভালো কিছু আর হতেই পারে না! অনেকেই আবার আজকাল লাইন লাগিয়ে ঠাকুর দেখার চাইতে, সিনেমা হলে যাওয়াই বেশি পছন্দ করেন। অর্থাৎ সব মিলিয়ে পুজোর ছবির চাহিদা থাকে তুঙ্গে।
ইতিমধ্যেই পুজোতে আসায় সিলমোহর দিয়ছেন দেব। এবার ডবল ধামাকা কারণ বড় পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী জুটি। এদিকে সম্প্রতি বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র ঘোষণা করে দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর এই দুইয়ের ধামাকায় তৃতীয় ব্যক্তি হিসেবে এন্ট্রি নিলেন একেন বাবু।
পুজোয় আসছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’
পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে একেনবাবুর ওয়েব সিরিজ ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’। আর এই সিরিজের শেষেই ঘোষণা করা হয়েছে পুজোয় আবার আসছেন তিনি। অর্থাৎ ২০২৬ সালে দু’-দু’বার একেনের ধামাকা। আর পুজোর গন্তব্য কেরালা। সিনেমার নাম ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’।
একেনের নতুন ওয়েব সিরিজের শেষে দেখা যায়, কিছু দক্ষিণ ভারতের মানুষ কিডন্যাপ করে নিয়ে যায় একেনকে। এরপর সেখানে গিয়ে ওখানকারই হয়ে গিয়েছেন তিনি। সাদা ধুতি আর শার্ট, চোখে কালো চশমা। একেনবাবু জানান, ‘এবার যাচ্ছি কেরালায়। আসছি পুজোয়, বড় পর্দায়।’

বহুরূপী ২-র ম্যাজিক
বাংলা নববর্ষের দিন হয়ে গেল বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র শুভ মহরৎ। পয়লা বৈশাখের দুদিন আগে শিবপ্রসাদ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, ‘রিউনিয়ন পর্ব এখানেও চলছে। পোস্ত ও বাবা বেবি ও-র পরে যীশু সেনগুপ্তর সঙ্গে আবার কাজ। সোহিনী সরকার টিমে এলেন। অনেকগুলো অ্যাড ফিল্ম একসঙ্গে করেছি, এবার সিনেমাতে কাজ করব। বাংলা নববর্ষ পনেরোই এপ্রিল — ওই দিনই বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র শুভ মহরৎ। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে শুটিং শুরু হবে। শুভমুক্তি দুর্গাপূজা ২০২৬।’ অর্থাৎ আগের পর্বে ‘বিক্রম’ শিবপ্রসাদের সঙ্গে টক্কর ছিল আবিরের, আর এবার সেই জায়গা নেবেন যিশু।
দেশু ৭-এর কামাল
দেব-শুভশ্রীর সিনেমার এখনো নাম ঘোষণা হয়নি। তবে যেহেতু দেশু জুটির সপ্তম সিনেমা, তাই দেশু ৭ হিসেবেই উল্লেখ করা হচ্ছে। ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও। ইতিমধ্যেই প্রিমিয়ারের দিনের টিকিট হাউজফুল হয়ে গিয়েছে। সঙ্গে দেবের পরিচালনায় প্রথম ছবি এটা হতে চলেছে। দেশু ৭ রোম্যান্টিক ঘরনার সিনেমা হবে বলেই খবর। জুন, জুলাই, অগস্ট মাস জুড়ে ৫০ দিন ধরে হবে ছবির শুটিং। ১০ হাজার টেকনিশিয়ান এই ছবিতে কাজ করছেন।