‘দেশু ৭’-এর প্রযোজক নিসপাল? দেবের পুজোর ছবিতে থাকছেন কোয়েলও?

Spread the love

চলতি বছরের পুজোয় আসছে ‘দেশু ৭’ জুটি। ফের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব। তাই ‘দেশু ৭’ নিয়ে শুরু থেকেই দর্শকদের উৎসাহ তুঙ্গে। তবে এই ছবিতে কেবল দেব-শুভশ্রী জুটি একমাত্র চমক নয়। জানা গিয়েছিল এই ছবি পরিচালনা করবেন দেব। সঙ্গে তিনি প্রযোজক তো বটেই। তবে এবার গুঞ্জন ছবিটি নাকি নিসপাল সিংহ রানে প্রযোজনা করতে পারেন। আর সেখান থেকেই তৈরি হয়েছে ছবিতে কোয়েলের থাকার সম্ভবনাও!

একটা সময়ে স্ক্রিনিং কমিটির বৈঠকে নিসপাল ও দেবের মধ্যে মতবিরোধ দেখা দেয়, আর তার ফলে তাঁদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছিল বলে শোনা গিয়েছে। পরে যদিও তাঁরা এই ‘দূরত্ব’-এর কথা অস্বীকার করেন।

কিন্তু সত্যি কি এই ছবিতে প্রযোজক হিসেবে থাকবেন নিসপাল? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেবের পক্ষ থেকে জানানো হয়েছে, শুরু থেকেই ঘোষণা করা হয়েছে, ছবিটি দেব প্রযোজনা করবেন। সেটাই হবে। পাশাপাশি ছবি ঘিরে এত অকারণ গুঞ্জন নিয়েও তিনি বিরক্ত।

তবে এই ছবি ঘিরে দেব একটার পর একটা চমক দিয়েছেন। একটা সময় অলিখিত ব্যান থাকা অনির্বাণকে ‘দেশু ৭’-এ দেখা যাবে বলে দেব জানান। যদিও তা নিয়ে ব্যপক জলঘোলা হয়। তবে এরপর দেব একটি ভিডিয়োর মাধ্যমে শুভশ্রীকে পাশে নিইয়ে জানান যে, তাঁদের ‘দেশু ৭’-এ থাকছেন অনির্বাণও।

তবে চমকের এখানেই শেষ নয়। এই ছবির পরিচালনাও করবেন দেব এমনটাই জানানো হয়েছিল সেই ভিডিয়োয়। এই ছবির হাত ধরেই পরিচালক দেব আত্মপ্রকাশ করতে চলেছেন। শুধু তাই নয় ছবির চিত্রনাট্য লিখবেন মেগাস্টার।

প্রসঙ্গত, গত বছর অগস্টে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমেকেতু’ মুক্তি পেয়েছিল। ছবিটির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তারপর নানা কারণে ছবিটি আর মুক্তি পায় না। এরপর শুভশ্রী আর দেবকেও একসঙ্গে আর কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি। তাই প্রায় ১০ বছর পর এই জুটির ছবি সকলের মধ্যে অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল। তারপর দেব-শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচার করতে দেখা যায়। তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। শুধু তাই নয় নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দিতে যান একসঙ্গে। সবটাই দেশু ফ্যানেদের জন্য একটা স্বপ্নের মতো ছিল।

কিন্তু তারপর হঠাৎই ছন্দপতন হয়। দেব এক সাক্ষাৎকারে, ‘শুভশ্রী দুই সন্তানের মা তাই তাঁর মুখের সারল্য হারিয়ে গিয়েছে’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। তারপর তাঁর সেই কথার জবাবও দেন নায়িকা। এরপর সেখানে পাল্টা যুক্তি দেন নায়ক। আর সবটা মিলিয়ে বেশ জলঘোলা হয়। তারপর আবার একসঙ্গে কোনও ছবিতে দেখার আশা দেশু অনুরাগীরা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *