কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সম্প্রতি কুলগামে এনকাউন্টারে খতম করা হয়েছে জম্মু ও কাশ্মীরের সক্রিয় জঙ্গি কমান্ডার লতিফ ভাটকে। তাঁর মৃত্যুর পর কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে, উপত্যকায় সন্ত্রাসবাদ জিইয়ে রাখতে এবার নতুন পরিকল্পনা সাজাতে শুরু করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। ছোট ছোট জঙ্গি সংগঠনকে সামনে রেখে কাশ্মীরে ফের নাশকতামূলক কার্যকলাপ বাড়ানোর ছক কষছে তারা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সংবাদ সংস্থা আইএএনএসের একটি রিপোর্টে।
রিপোর্ট অনুযায়ী, এনকাউন্টারে নিহত হওয়ার পর লতিফ ভাটের দেহ তাঁর বাড়ি থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়। বুধবার রাত ১০টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অন্ত্যেষ্টিতে উপস্থিত থাকার অনুমতি পেয়েছিলেন পরিবারের মাত্র আটজন সদস্য। লতিফের মৃত্যুকে উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ, তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের সক্রিয় জঙ্গি কমান্ডারদের মধ্যে অন্যতম।
এদিকে, একের পর এক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে চাপে পড়েছে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী নেটওয়ার্ক। সেই পরিস্থিতিতে কৌশল বদলের পথে হাঁটতে চাইছে আইএসআই। এতদিন লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো পরিচিত জঙ্গি সংগঠনগুলির মাধ্যমে কাশ্মীরে নিজেদের কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু এবার সরাসরি পরিচিত সংগঠনগুলিকে সামনে না রেখে স্থানীয় স্তরে গড়ে ওঠা ছোট ছোট জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি রিপোর্টে।
তদন্তে ইতিমধ্যেই একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলির যোগসূত্রের অভিযোগ সামনে এসেছে। যেমন, দ্য রেজিস্ট্যান্স ফোর্সকে লস্কর-ই-তইবার ছায়া সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, কাশ্মীর টাইগার্স, লস্কর-ই-মুস্তাফা এবং পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্টের সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগ রয়েছে বলেও বিভিন্ন তদন্তে দাবি করা হয়েছে।
রিপোর্টের দাবি, সংগঠনগুলির পৃথক পরিচয়কে কাজে লাগিয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগের বিষয়টি আড়াল করার চেষ্টা চলছে। অর্থাৎ, স্থানীয় নাম ও পরিচিতিকে সামনে রেখে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হলে তদন্তকারীদের পক্ষে পাকিস্তানের যোগসূত্র খুঁজে বের করা আরও কঠিন হতে পারে বলে মনে করছে আইএসআই।

উল্লেখ্য, ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে কাশ্মীরে যখন সন্ত্রাসবাদ চরম আকার নিয়েছিল, সেই সময় উপত্যকায় একাধিক ছোট ছোট জঙ্গি সংগঠনের উত্থান হয়েছিল। সেই সময় পাকিস্তানের গুপ্তচর সংস্থার নজর মূলত বড় জঙ্গি সংগঠনগুলির উপরেই ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে বহু ছোট সংগঠন আর্থিক সংকটের মুখে পড়েছিল। আবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই সংগঠনগুলির একাধিক সদস্যের মৃত্যু হওয়ায় ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়ে সেগুলি।
তবে এবার সেই পুরনো সংগঠনগুলিকেই ফের সক্রিয় করার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে গোয়েন্দা মহলে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি সম্প্রতি কাশ্মীরের ১৯টি নিষ্ক্রিয় জঙ্গি সংগঠনের নাম জানতে পেরেছে। এই সংগঠনগুলির পুরনো সদস্যদের সঙ্গে ফের যোগাযোগ স্থাপন এবং তাদের সক্রিয় করে তোলার চেষ্টা করতে পারে পাকিস্তানের আইএসআই। সেই উদ্দেশ্যে অতীতে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের ফের সংগঠিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে আশঙ্কা।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, কাশ্মীরেই জন্ম নেওয়া স্থানীয় জঙ্গি সংগঠনগুলির উপর বিশেষ নজর রয়েছে আইএসআইয়ের। কারণ, এই ধরনের সংগঠনকে সামনে রাখা হলে উপত্যকার সন্ত্রাসবাদে পাকিস্তানের প্রত্যক্ষ মদতের বিষয়টি আড়াল করা সহজ হতে পারে বলে মনে করছে পাক গুপ্তচর সংস্থা।
সব মিলিয়ে লতিফ ভাটের মৃত্যুর পর কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান যেমন নতুন মাত্রা পেয়েছে, তেমনই পাকিস্তানের সম্ভাব্য কৌশল পরিবর্তন নিয়েও সতর্ক রয়েছে গোয়েন্দা মহল। পরিচিত জঙ্গি সংগঠনগুলির বদলে স্থানীয় ও নিষ্ক্রিয় গোষ্ঠীগুলিকে সামনে রেখে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর চেষ্টা হলে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর।