ফজলুর রহমানের বাড়ি ঘিরে ফেলল পাক নিরাপত্তাবাহিনী! চাঞ্চল্য পাকিস্তানে

Spread the love

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা। বিরোধী নেতা তথা জামিয়ত উলেমা-এ-ইসলাম দলের প্রধান মওলানা ফজলুর রহমানের বাড়ি ঘিরে ফেলল পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার দুপুরে লাহোরে তাঁর বাড়ির চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এমনকী, বাড়ির সামনে বসানো হয় কন্টেনারও। প্রশাসনের এই আচরণ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। কেন হঠাৎ ফজলুর রহমানের বাড়ি ঘিরে ফেলা হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের কট্টর সমালোচক হিসাবেই পরিচিত ফজলুর রহমান। সম্প্রতি পাক রাজনীতিতে আরও একটি গুরুত্বপূর্ণ সমীকরণ সামনে এসেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে ফজলুর রহমানের জামিয়ত উলেমা-এ-ইসলাম-সহ একাধিক বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন। বিরোধী দলগুলিকে নিয়ে বৃহত্তর জোট গঠনের সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন ইমরান। আর তার পরেই ফজলুর রহমানের বাড়ির চারদিকে নিরাপত্তাবাহিনীর এমন তৎপরতা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

উল্লেখ্য, কয়েক মাস আগেই পঞ্জাব প্রদেশের একটি জনসভা থেকে সরাসরি আসিম মুনিরকে নিশানা করেছিলেন ফজলুর রহমান। সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, রাজনীতি করতে হলে উর্দি ছেড়ে নির্বাচনে নেমে আসা উচিত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেই বোঝা যাবে, উর্দিধারী ব্যক্তিরা সাধারণ মানুষের কতটা সমর্থন পান। সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা নিয়ে তাঁর এই মন্তব্য ঘিরে সেই সময়েও বিতর্ক তৈরি হয়েছিল।

এবার অভিযোগ উঠেছে, প্রশাসনের বাধায় নিজের বাড়ি থেকেও বেরোতে পারছেন না ফজলুর রহমান। লাহোরের আদালতে আইনজীবীদের একটি সভায় তাঁর বক্তব্য রাখার কথা ছিল মঙ্গলবার। কিন্তু সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। শুধু তাই নয়, বাড়ির সামনে কন্টেনার বসিয়ে যাতায়াতের পথও কার্যত আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাড়িতে কাউকে প্রবেশ করতে কিংবা সেখান থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন ফজলুর রহমান। লাহোর আদালতে দায়ের হয়েছে একটি পিটিশন। আবেদনকারীর অভিযোগ, কোনও বৈধ আইনি নির্দেশ ছাড়াই ফজলুর রহমানের বাড়ির চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন এই পদক্ষেপ করা হল, তার আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

অন্যদিকে, ইমরান খানের বিরোধী জোট গঠনের উদ্যোগ ঘিরেও পাকিস্তানের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। পিটিআই কর্মীদের বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই তালিকায় রয়েছেন ফজলুর রহমানও। ফলে দুই শিবিরের মধ্যে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

এদিকে, ইমরান খানের দীর্ঘদিনের বন্দিদশা নিয়েও এবার সরব হয়েছে পাকিস্তানের শাসক জোটের শরিক বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই পরিস্থিতিতে করাচির রাস্তায় প্রতিবাদ মিছিলও দেখা গিয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখনই বিরোধী নেতা ফজলুর রহমানের বাড়ি ঘিরে নিরাপত্তাবাহিনীর এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply