এসআইআর ইস্যুতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। বিরোধী শিবির প্রথম থেকেই এসআইআরের বিরোধিতা করে আসছে। এবার এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। শুক্রবার খানাকুলে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন, এসআইআরে একটিও ভোটারের নাম বাদ গেলে যাঁরা নাম কাটাচ্ছেন, তাঁদের চোখ উপড়ে ফেলা হবে। এই বক্তব্য সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
খানাকুলে বিজয়া সন্মিলনী থেকে হুঁশিয়ারি দিয়ে মিতালি বলেন, ‘এসআইআর-এর নাম করে যদি একটাও ভোটারের নাম বাদ যায়, যাঁরা নাম বাদ দেবেন, তাঁদের চোখ উপড়ে ফেলা হবে। হিন্দু মুসলিমের বিভেদ লাগালে কি আমরা বসে বসে ললিপপ খাব?’ মিতালি বাগের এই আক্রমণাত্মক বক্তব্যের পাল্টা হিসেবে বিজেপিও আক্রমণ করেছে। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ একেবারেই কড়া ভাষায় মিতালি বাগকেই ‘রোহিঙ্গা ভোটে’ জয়ী বলে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, হুগলিতে ৩০ শতাংশ, আরামবাগে ৪০ শতাংশ করে অনেক ভোটারদের ‘লিংক’ পাওয়া যাচ্ছেনা। উল্লেখ্য, এর আগের দিন রাজ্য বিজেপি-র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রতিবাদ মিছিলে প্রথমেই কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রীয় বাহিনী নামানো হতে পারে। আর তখন গোলাগুলি পর্যন্ত ঘটতে পারে। এই বক্তব্যই রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেয়। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকও পাল্টা আক্রমণ করে বলেন, যারা বহু বছর ধরে এলাকায় রয়েছেন এবং তাঁদের নাম ভোটার তালিকায় আছে, তাঁদেরই যদি বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতাদের ধরে আটকে রাখা হবে। এসআইআর-কে কেন্দ্র করে শাসক ও বিরোধী দু’পক্ষেরই কড়া সুর স্থানীয় স্তরে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
