না ফেরার দেশে চলে গেলেন পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭০ বছর। গৌতমপত্নীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কী হয়েছিল?
জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ ১৭ অক্টোবর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। বাড়িতে স্বামী এবং ছেলে কেউই ছিলেন না। কর্মসূত্রে দুজনেই ছিলেন বাইরে। অসুস্থ বোধ করায় স্বামী এবং পুত্রকে ফোনে যোগাযোগ করেন নীলাঞ্জনা। এরপরই ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মায়ের অসুস্থতার খবর পেয়ে গৌতম ঘোষের মেয়ে আনন্দীও হাসপাতালে পৌঁছে যান।
চিকিৎসকরা জানিয়েছিলেন, নীলাঞ্জনা আচমকাই অ্যানিওরিজম দেখা যায়। শরীরের ভেতরে শুরু হয়ে যায় রক্তক্ষরণ। ফলে তড়িঘড়ি শুক্রবার তাঁর আটারিতে একটি জটিল অপারেশন করা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। শনিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীলাঞ্জনা। নীলাঞ্জনার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। গৌতম ঘোষের এই কঠিন সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকবার্তা জানান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সকালে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমার প্রিয় নীলাঞ্জনার মৃত্যুতে আমি ভীষণ শোকাহত। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী আজ সকালে প্রয়াত হন। উনি আমার বৌদি। আমাদের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল। নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।’

মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘নীলাঞ্জনার হাতের কাঁথা শিল্পের কাজ ভীষণ সুন্দর। আজ সেই সব কথাই মনে পড়ে যাচ্ছে। গৌতমদাকে সান্তনা জানানোর কোনও ভাষা নেই আমার। তবুও বলবো মন শান্ত রেখে সবকিছু সামলাতে। বৌদির কথা মনে রেখেই আজ সব কিছু করতে হবে ওঁকে।’
প্রসঙ্গত, আজ অর্থাৎ ১৮ অক্টোবর বিকেল পাঁচটা নাগাদ তারাতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে নীলাঞ্জনার। ইতিমধ্যেই গৌতম ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন টলিউডের নামিদামি ব্যক্তিত্বরা।