নেপাল-তিব্বত সীমান্তে নিখোঁজ ৩২ জনের সন্ধানে কী ধরনের তল্লাশি চালানো হয়েছে, কোথায় মিলেছে তাঁদের শেষ অবস্থানের সূত্র, উদ্ধার হয়েছে কি না দেহ বা দেহাংশ, আর উদ্ধার হয়ে থাকলে তাঁদের পরিচয় শনাক্ত করা গিয়েছে কি না—এমন একাধিক প্রশ্নের উত্তর এখনও অধরা নিখোঁজদের পরিবারের কাছে। এরই মধ্যে ওই ৩২ জনকে ‘মৃত’ হিসাবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নতুন করে প্রকাশিত তালিকায় নিখোঁজদের মৃত হিসাবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ। এই সিদ্ধান্তের ভিত্তি কী, তা জানতে নেপাল সরকারের কাছে জবাব চেয়ে ইমেল পাঠালেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়।
স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়-সহ নিখোঁজ ৩২ জনের সন্ধানে কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তিনি। একই সঙ্গে মৃত ঘোষণার প্রক্রিয়া কোন তথ্য ও প্রমাণের ভিত্তিতে এগোচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভ্রাংশু।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নেপাল-তিব্বত সীমান্তের গিরং পোর্ট এলাকায় নিখোঁজ হন শর্মিষ্ঠাদেবী-সহ মোট ৩২ জন। সম্প্রতি নেপাল সরকারের প্রকাশিত নিখোঁজদের তালিকায় ১৭৮ নম্বরে রয়েছে শর্মিষ্ঠা ভৌমিক রায়ের নাম। কিন্তু তালিকা প্রকাশের পরেও নিখোঁজদের সন্ধানে তল্লাশির অগ্রগতি কিংবা তদন্তে পাওয়া কোনও সূত্র তাঁদের জানানো হয়নি বলে অভিযোগ শুভ্রাংশুর।
তাঁর প্রশ্ন, কীসের ভিত্তিতে নিখোঁজদের মৃত ঘোষণার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় কোথায় তল্লাশি চালানো হয়েছে এবং সেই অভিযানে কী কী তথ্য বা সামগ্রী উদ্ধার হয়েছে, তার কোনও নথিই পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি বলে দাবি তাঁর। নিখোঁজদের শেষ অবস্থানের সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন, তাঁদের যাতায়াতের বাসের নম্বর কিংবা ব্যক্তিগত কোনও সামগ্রী উদ্ধার হয়েছে কি না, সে সম্পর্কেও পরিবারকে কিছু জানানো হয়নি।
এই সমস্ত প্রশ্নের উত্তর চেয়েই নেপাল সরকারের কাছে ইমেল পাঠিয়েছেন শুভ্রাংশু। তাঁর আশঙ্কা, পর্যটন ব্যবসার ক্ষতির কথা বিবেচনা করে কি ৩২টি পরিবারের উদ্বেগ ও উৎকণ্ঠাকে উপেক্ষা করা হচ্ছে? নিখোঁজদের প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য না দিয়েই কেন তাঁদের মৃত ঘোষণার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

পাশাপাশি এই ঘটনায় ভারত সরকারের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন শুভ্রাংশু। নেপাল-চিন সীমান্তবর্তী এলাকায় নিখোঁজের ঘটনার তদন্তে প্রয়োজনীয় তথ্য উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আবেদন জানিয়েছেন তিনি। বিশেষ করে চিন ও তিব্বত সীমান্তের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিখোঁজদের শেষ অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার দাবি জানিয়েছেন শুভ্রাংশু।
এদিকে, নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করারও চেষ্টা করবেন বলে জানিয়েছেন শুভ্রাংশু। পরিবারের দাবি, মৃত ঘোষণার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আগে নিখোঁজদের সন্ধানে চালানো তল্লাশি এবং পাওয়া তথ্য-প্রমাণ সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।