আট বছর আগের স্যান্ডপেপার বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলীয় ক্রিকেটের। প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খোয়াজার সদ্য প্রকাশিত বই ‘সবর’ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেটমহলে। ২০১৮ সালের কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনার কয়েক মাস পরেই বলের ঔজ্জ্বল্য বজায় রাখতে পুদিনা টফি বা ব্রেথ মিন্ট ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নাথান লিয়ঁ! সম্প্রতি এমনই বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। স্বাভাবিক ভাবেই, নতুন এই দাবি ঘিরে ফের প্রশ্নের মুখে পড়েছে অস্ট্রেলীয় ক্রিকেটের অতীত।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন সতীর্থদের সামনে এই প্রস্তাব দিয়েছিলেন লিয়ঁ। সেই সময় কেপ টাউনের স্যান্ডপেপার বিতর্কের রেশ তখনও অস্ট্রেলীয় ক্রিকেট থেকে পুরোপুরি মুছে যায়নি। দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টাও চলছিল জোরকদমে।
বিতর্কের সূত্রপাত উসমান খোয়াজার একটি মন্তব্য থেকে। ‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার জানিয়েছিলেন, দলের এক সিনিয়র ক্রিকেটার বলের ঔজ্জ্বল্য বজায় রাখার জন্য মুখে বেশি লালা তৈরি করতে পুদিনা টফি ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। উল্লেখযোগ্য ভাবে, ওই ক্রিকেটার ২০১৮ সালের কেপ টাউন টেস্টে বিতর্কিত অস্ট্রেলিয়া দলের সদস্যও ছিলেন। যদিও তখন তাঁর নাম প্রকাশ্যে আনেননি খোয়াজা।
এ বার অস্ট্রেলীয় সাংবাদিক জেরার্ড হোয়াটলি দাবি করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে টেস্ট চলাকালীন সতীর্থদের উদ্দেশে এক সিনিয়র ক্রিকেটার প্রশ্ন করেছিলেন, “কার কাছে মিন্ট আছে? আজ বলের কাজটা কে করবে?” অভিযোগ, সেই ক্রিকেটার ছিলেন নাথান লিয়ঁ। তাঁর এমন মন্তব্যে নাকি রীতিমতো অসন্তুষ্ট হয়েছিলেন তৎকালীন অধিনায়ক টিম পেন এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার।
দলের অন্য ক্রিকেটার ট্র্যাভিস হেডও বিষয়টি ভালো ভাবে নেননি বলে দাবি। সেই সময় টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা হেড নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, “তুমি কি সত্যিই মজা করছ? আমরা আর ওই সব কাজ করছি না।” অর্থাৎ, স্যান্ডপেপার বিতর্কের পর নতুন করে কোনও বিতর্কে জড়াতে যে তিনি একেবারেই রাজি ছিলেন না, তা বুঝিয়ে দিয়েছিলেন হেড। কোচ ল্যাঙ্গারও এই প্রস্তাবের জন্য লিয়ঁকে কড়া বার্তা দিয়েছিলেন বলে জানা গিয়েছে।
পডকাস্টে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ল্যাঙ্গারের ভূমিকার প্রশংসা করেছেন খোয়াজাও। তাঁর বক্তব্য, প্রথমে একজন ক্রিকেটারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা হলেও পরে গোটা দলকেই সতর্ক করেছিলেন কোচ। খোয়াজার কথায়, ল্যাঙ্গার সতীর্থদের পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ভবিষ্যতে কেউ যদি এ ধরনের কোনও কাজের কথা ভাবেন, তা হলে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ আর পাবেন না। তিনি বলেছিলেন, “তোমরা যদি আবার কখনও এমন কিছু করার কথা ভাবো, তা হলে আর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে না।” স্যান্ডপেপার কাণ্ডের পর দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ফেরাতে যে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল, ল্যাঙ্গারের এই বার্তায় তা স্পষ্ট।
অন্য দিকে, নাথান লিয়ঁর টেস্ট ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১৪৫টি টেস্ট খেলা এই অভিজ্ঞ অফস্পিনারের ঝুলিতে রয়েছে ৫৭৭টি উইকেট। বর্তমান ক্রিকেটারদের মধ্যে টেস্টে যা সর্বোচ্চ। তা সত্ত্বেও আসন্ন নিউজিল্যান্ড ও ভারত সিরিজের দলে তাঁর জায়গা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে জায়গা পাননি ৩৯ বছরের এই স্পিনার। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘরের মাঠে সম্ভবত নিজের শেষ টেস্ট ইতিমধ্যেই খেলে ফেলেছেন তিনি। পারথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ জনের দলেও তাঁর জায়গা পাওয়া কঠিন হতে পারে। যদিও নির্বাচকেরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিশেষ করে ভারত সফরের কথা মাথায় রেখে লিয়ঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না অধিনায়ক প্যাট কামিন্স ও টিম ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট। স্যান্ডপেপার ব্যবহার করে বলের অবস্থা বদলানোর চেষ্টা করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন তিনি। সেই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফটের নির্বাসনের মেয়াদ ছিল ন’মাস।
সেই কলঙ্কিত অধ্যায়ের পূর্ণাঙ্গ তদন্তের জন্য সম্প্রতি স্বাধীন ফোরাম গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তদন্তের রিপোর্ট প্রকাশ করার কথাও জানিয়েছে সংস্থা। ঠিক এমন সময়েই নাথান লিয়ঁকে ঘিরে সামনে এল নতুন এই অভিযোগ। ফলে পুরনো বিতর্কে ফের নতুন করে ঘৃতাহুতি পড়েছে। প্রশ্ন উঠছে, কেপ টাউনের ঘটনার পরেও কি অস্ট্রেলীয় দলের অন্দরে বলের অবস্থা বদলানোর পুরনো মানসিকতা পুরোপুরি দূর হয়নি? খোয়াজার মন্তব্য এবং সাংবাদিকের নতুন দাবি ঘিরে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে।