পদত্যাগের পরও সরকারি বাসভবন ছাড়েননি প্রাক্তন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

Spread the love

সপ্তাহখানেক আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন ছাত্র নেতা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইঞাঁ। তবে এখনও নাকি এই দুই ছাত্রনেতা সরকারি বাসভবন ত্যাগ করেননি। উল্লেখ্য, মন্ত্রিসভার সদস্য বা জনপ্রতিনিধিরা পদত্যাগের পর কবে সরকারি বাসভবন ছাড়বেন, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নীতিমালায়। এই আবহে মাহফুজ বা আসিফ কবে তাঁদের সরকারি বাসভবন ছাড়বেন, সেই বিষয়েও কোনও আভাস নেই বাংলাদেশ সরকারের কাছে।

প্রসঙ্গত, বাংলাদেশে নির্বাচনী নির্ঘণ্ট বাজতেই পদত্যাগ করেছিলেন ইউনুস সরকারের দুই ছাত্র প্রতিনিধি। গত ১০ ডিসেম্বর ইউনুসকে নিজেদের পদত্যাগপত্র দেন তাঁরা। উল্লেখ্য, এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম। তবে এনসিপি গঠনের সময় তিনি সরকার থেকে পদত্যাগ করেছিলেন। তবে আসিফ এবং মাহফুজ তখন পদত্যাগ করে এনসিপিতে যোগ দেননি। তা নিয়ে বিএনপির আপত্তি ছিল। তবে তাও নিজেদের পদে বহাল থেকেছিলেন এই দুই ছাত্রনেতা।

এর আগে নাকি গত সেপ্টেম্বরেও আসিফ এবং মাহফুজকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল সরকারেরই তরফ থেকে। তবে তাঁরা ‘আরও সময়’ চেয়েছিলেন। পরে নভেম্বরেও তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছিল। এদিকে মাহফুজ আলম আবার এই সরকারের মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই ক্ষেত্রে তিনি নিজে নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছিলেন। এই কারণে মাহফুজের পদত্যাগ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও উপদেষ্টামণ্ডলীর অধিকাংশ উপদেষ্টারই মত, নির্বাচনে লড়াই করুন না করুন, নির্বাচন ঘোষণার পরে দুই ছাত্রনেতার উপদেষ্টা পদে বহাল থাকা ঠিক হবে না। এই আবহে দুই নেতাই পদত্যাগ করেন। তবে সরকারি সুযোগ সুবিধা ত্যাগ করতে পারেননি তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *