পিস্তল নিয়ে ঘোরাঘুরি করায় এক যুবককে আটক করল পুলিশ। বৃহস্পতিবার সেই ঘটনা ঘটেছে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হাজরা মোড়ের কাছে (যেখান থেকে আটক করা হয়, সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের দূরত্ব বেশি নয়) এক যুবক ঘোরাফেরা করছিলেন। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করা হয়। কাছে ছিল পিস্তলও। কেন সেই পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিলেন, তা জানতে চাওয়া হয়। পরে পিস্তলের লাইসেন্স দেখানোয় তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। অপর একটি মহলের তরফে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর বাসভবনেই ঢোকার চেষ্টা করছিলেন ওই যুবক। সেইসময় তাঁকে ধরে ফেলা হয়। যে পরিচয়পত্র পাওয়া গিয়েছে, তা থেকে জানা গিয়েছে যে ওই যুবক সল্টলেকের একটি বেসরকারি স্কুলে কাজ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই কালীঘাটে এসেছেন বলে দাবি করেন ওই যুবক। যদিও বিষয়টি নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।
