পুলিশের গাড়িতে আগুন! কী নিয়ে প্রতিবাদ? কারা নামল পথে!

Spread the love

ফের একবার বিক্ষোভের আগুন জ্বলল বাংলাদেশে। এবার প্রতিবাদ বিক্ষোভে নামলেন সেদেশের পোশাক শিল্পীরা। রবিবার সকাল থেকে তাঁদের বিক্ষোভ ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি উঠে আসে। বিক্ষোভের জেরে বাংলাদেশে গাজিপুর, সাভারে অন্তত ৮০ টি পোশাক কারখানায় ছিল ছুটি। প্রসঙ্গত, বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্র হিসাবে পোশাক শিল্পের বেশ নাম রয়েছে। সেই শিল্প ক্ষেত্র থেকেই শ্রমিকরা এবার বিক্ষোভে শামিল হলেন।

বাংলাদেশে পোশাক শিল্পীদের বিক্ষোভের জেরে ঢাকার মিরপুর–১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে, মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি বেলা পৌনে ১২ টা নাগাদ ঘটেছে বলে জানা গিয়েছে। এছাড়াও গাজিপুরের বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশের কোনাবাড়ি এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের আগুন ছড়িয়েছে আশুলিয়াতেও।

উল্লেখ্য, বাংলাদেশের পোশাক শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। আর সেই দাবিতেই তাঁরা পথে নেমে বিক্ষোভে শামিল হন। এদিকে, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টায় বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

এদিকে, এই পোশাক শিল্প শ্রমিকদের বিক্ষোভের জেরে নড়েচড়ে বসেছে ঢাকা। শ্রমিক অসন্তোষ মোকাবিলায় কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে ডেকেছেন। অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রকের মন্ত্রীসহ আরও কয়েকটি মন্ত্রকের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন বৈঠকে উপস্থিত থাকতে পারেন। এদিকে, বিক্ষোভের প্রভাবের জেরে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Leave a Reply