বিগ বস থেকে আউট দুজনই, ভরত কলের বাড়িতে দীপেন্দু বিশ্বাস

Spread the love

রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র মঞ্চ থেকে এলিমিনেট হয়ে দুজনেই বেরিয়ে এসেছেন। কিন্তু শো শেষ হলেও ঘরের ভেতরে তৈরি হওয়া বন্ধুত্ব যে এতটুকু ফিকে হয়নি, তারই জলজ্যান্ত প্রমাণ দিলেন জনপ্রিয় অভিনেতা ভরত কল এবং প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। শনিবার ভরত কলের বাড়িতে বসেছিল এই দুই তারকার আড্ডার বিশেষ আসর।

‘বাংলার গর্ব, আমার ছোট ভাই’: আবেগঘন ভরত কল

সোশ্যাল মিডিয়ায় দীপেন্দু বিশ্বাসের সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক সুন্দর ছবি শেয়ার করে ভরত কল নিজের মনের ভাব প্রকাশ করেছেন। ভরত কল ক্যাপশনে লেখেন, ‘দীপেন্দু বিশ্বাস… আমার ছোট ভাই… বাংলার গর্ব… আমার ‘বিগ বস বাংলা’র সাথী। আজ অনেক দিন পরে বাড়িতে আড্ডা… খুব ভালো লাগল দীপু… অনেক মিস করছিলাম। খুব ভালো থাকো, অনেক ভালোবাসা’।

বিগ বসের ঘরের ভেতরে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো ও দুজনের মধ্যকার বিশেষ বন্ডিং স্মরণ করতেই এই আয়োজন।

শেয়ার করা ছবিতে ভরত কল ও দীপেন্দু বিশ্বাসের পাশাপাশি ভরত কলের স্ত্রী তথা অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্য়ায়কেও হাসিমুখে পোজ দিতে দেখা গেছে। হাজির ছিলেন দুজনের কিশোরী কন্যে আইরাও। ঘরের পোশাক ও ক্যাজুয়াল লুকে আড্ডার সেই সুন্দর মুহূর্তগুলো অনুরাগীদের ভীষণ পছন্দ হয়েছে। ভরত কল জানিয়েছেন, এই আড্ডায় তিনি সায়ককে বেজায় মিস করেছেন।

নেটপাড়ার প্রতিক্রিয়া:

বিগ বসের ঘর থেকে দুজনের বিদায় দর্শক ও অনুরাগীদের কিছুটা হতাশ করলেও, পর্দার বাইরের এই অটুট বন্ধুত্ব দেখে সোশাল মিডিয়ায় ভক্তরা তাঁদের শুভকামনা জানাচ্ছেন। অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, রিয়্যালিটি শো সাময়িক, কিন্তু এমন খাতিরের বন্ধুত্ব সারাজীবনের সম্পদ!

বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসে একের পর এক বোমা ফাটিয়েছেন ভরত কল। তিনি বেছে নিয়েছেন নিজের পছন্দের উইনারও। তাঁর অভিজ্ঞতা বলছে, জনতার ফেভারিট হয়ে ওঠা রাজবীর নয় জিতবে তারকা-মুখই। তিনি জানান, ‘রাজবীর টপ ৫-এ থাকবে। টপ ৩-এও থাকবে। অনেকে বলছে ও উইনার হবে। কিন্তু আমার মনে হয় অত সহজ হবে না। দুর্নিবার বা সোনা (সোনামণি)-র জেতার সম্ভাবনা আছে।’ওদিকে চলতি সপ্তাহে বিগ বসের ঘর থেকে কে বেরোবেন সেই নিয়ে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, নন্দিনী দত্ত নাকি বাদ পড়তে পারেন। তবে সেই বাদ পড়ায় থাকবে টুইস্ট। অন্যভাবে খেলায় ফিরে আসবেন কনে দেখা আলোর বনলতা। আপতত সেইসব চমকের জন্য চোখ থাকবে দাদার দরবারে।

Leave a Reply