শনিবার (৪ জুলাই) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জেনারেল স্টাফ জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরটি দখলের রুশ দাবি তারা প্রত্যাখ্যান করেছেন।
রাশিয়ার সামরিক বাহিনী শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানায় যে, তাদের বাহিনী কোস্তিয়ানতিনিভকার নিয়ন্ত্রণ নিয়েছে; দোনেৎস্ক অঞ্চল দিয়ে অগ্রযাত্রার সময় মস্কো দীর্ঘদিন ধরে এই লক্ষ্যবস্তুটি দখল করতে চেয়েছিল।
‘অবশ্যই এটা সত্য নয়। এটা রাশিয়ার আরেকটি মিথ্যাচার, কোনো এক ধরনের সংবাদ তৈরি করার প্রচেষ্টা মাত্র।’ জেলেনস্কি এক্স-এ বলেছেন।
তিনি আরও বলেন, ‘যদি কোস্তিয়ানতিনিভকা রাশিয়ার নিয়ন্ত্রণে থাকত, তাহলে হয়তো (রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি কূটনৈতিক উপায় খুঁজে বের করতে আমার সাথে সেখানে দেখা করতে কোনো সমস্যা হতো না।’
এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় গোষ্ঠীর ১৯তম আর্মি কোরের সামরিক ইউনিট ও উপ-ইউনিটগুলো শহরের অভ্যন্তরে এবং এর প্রবেশপথে নির্ধারিত সীমানায় প্রতিরক্ষামূলক অভিযান অব্যাহত রেখেছে।
বিশ্লেষকরা বলছেন, শহরটি দখল করতে পারলে রুশ বাহিনী প্রতিরক্ষা বলয় বরাবর উত্তরে অগ্রসর হওয়ার জন্য একটি শক্ত ঘাঁটি পাবে, যা এখন তাদের অভিযানের প্রধান অক্ষ।

রাশিয়ার সামরিক বাহিনী বেশ কিছুদিন ধরেই কোস্তিয়ানতিনিভকার কিছু অংশ নিয়ন্ত্রণের খবর দিয়ে আসছে। এটি দোনেৎস্কে অবস্থিত ইউক্রেনের তথাকথিত দুর্গ বলয় গঠনকারী বেশ কয়েকটি অত্যন্ত সুরক্ষিত শহরের মধ্যে একটি।কোস্তিয়ানতিনিভকা ছাড়াও, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে, তারা পূর্ব ইউক্রেনের পাঁচটি গ্রাম দখল করেছে: খারকিভ অঞ্চলের শিয়িকিভকা, নোভী মির, চেরনেশচিনা ও দ্রুঝেলিউবিভকা এবং দোনেৎস্ক অঞ্চলের ভাসিলিভকা।