বড়দিনের আগে, শহর কলকাতায় পারদ পতন! পৌষ শুরু হতেই ২২ গজে ব্যাট হাতে নেমে পড়েছে ‘শীত’, অন্তত দক্ষিণবঙ্গে ২৫ ডিসেম্বরের আগে তেমনই আমেজ! শনিবারের তুলনায় রবিবার শহরের তাপমাত্রা একধাক্কায় পড়ে গিয়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলত পিকনিক আর রোদে বসে কমলালেবু খাওয়ার মরশুমে এবার মেজাজে ফিরছে শীত।
কলকাতায় তাপমাত্রা রবিবার ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০. ৭ ডিগ্রি কম। তবে আগামী ৪ দিনে সেভাবে তাপমাত্রার তারতম্য নাও দেখা যেতে পারে। তবে ২৫ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি মরশুমে শীত ধীরে ধীরে পারদ পতন ঘটায়, তবে পশ্চিমী ঝঞ্ঝা তাতে বাধ সাধে। ফলত, মাঝের কয়েকদিনে বেড়ে যায় তাপমাত্রা। তবে আপাতত শীত জাঁকিয়ে পড়েছে। আপাতত দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া ২৫ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে বলে জানা গিয়েছে। বৃষ্টির সম্ভাবনা এখন কোথাওই নেই। তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষত, উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকতে পারে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে জাঁকিয়ে শীত পড়েছে। সোমবার দার্জিলিং এর তাপমত্রা ৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সোমবারের জন্য উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার আগাম সতর্কবার্তা রয়েছে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তরাই ডুয়ার্স অঞ্চলেও।
এদিকে, দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রাতের তাপমাত্রায় পারদ পতনের সম্ভাবনা রয়েছে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। তবে আকাশ পরের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
