রণবীর কাপুরের ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের উন্মাদনা যে তুঙ্গে, তা মুক্তির আগেই স্পষ্ট হয়ে গেল। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির অগ্রিম টিকিট বিক্রিতে নজরকাড়া সাফল্য। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ছবিটির ১৫.৫৮ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। ব্লক করা আসন বাদ দিলে টিকিট বিক্রির সংখ্যা ১১.৭৫ লক্ষ। সব মিলিয়ে অগ্রিম বুকিং থেকে ছবির আয় ৬২.৬৩ কোটি টাকা। ব্লক করা আসন বাদ দিলে এই অঙ্ক ৪৮.৮৪ কোটি টাকা।
হিন্দি ভাষাতেই সবচেয়ে বেশি ব্যবসা
অগ্রিম বুকিংয়ের নিরিখে আপাতত সবচেয়ে এগিয়ে হিন্দি সংস্করণ। পাশাপাশি কন্নড় এবং তেলুগু ভাষাতেও ভালো সাড়া মিলছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও ছবিটি ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে বলে দাবি করা হচ্ছে।
কারা রয়েছেন ছবিতে?
নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির প্রযোজক নমিত মালহোত্রা। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন যশ। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণ হিসেবে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় সানি দেওল অভিনয় করছেন। দুটি পর্বে তৈরি হচ্ছে এই মহাকাব্যিক ছবি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে। বিদেশে ইংরেজি সংস্করণেও মুক্তি পাবে ছবিটি।
দুই পর্বের বাজেট ৪০০০ কোটি!
ছবির বাজেট নিয়েও ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এক পডকাস্টে প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছিলেন, ‘রামায়ণ’-এর দুই পর্ব মিলিয়ে বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা। সেই হিসেবেই এটি ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। ফলে বক্স অফিসে ছবিটির সাফল্য নিয়েও প্রত্যাশা অনেক বেশি।

কেন রামের চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলেন রণবীর?
এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, প্রথমে রামের চরিত্রে অভিনয় করতে তিনি খুব একটা প্রস্তুত ছিলেন না। কিন্তু মেয়ে রাহার জন্মের পর তাঁর ভাবনায় পরিবর্তন আসে। অভিনেতার মনে হয়েছিল, এমন একটি চরিত্রে অভিনয় করা তাঁর জীবনের বড় সুযোগ। রাহার জন্মকে তিনি জীবনের অন্যতম সুন্দর সমাপতন বলেও উল্লেখ করেছিলেন। এবার বড় পর্দায় রণবীরকে রামের অবতারে দেখার অপেক্ষায় অনুরাগীরা।